
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক সদস্যকে মঙ্গলবার (১০ নভেম্বর) ব্রিটেনে গ্রেফতার করা হয়েছে।
লন্ডন পুলিশ জানায়, মার্কিন সামরিক বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তায় তদন্তের পর তাকে গ্রেফতার করা হয়।
ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনে রুশ অ্যাজেন্টদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের সর্বশেষ ঘটনা এটি। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা চালায়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ৪১ বছর বয়সী ওই মার্কিন সেনাকে গ্লুচেস্টারের কাছে থেকে গ্রেফতার করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের সন্দেহে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি লন্ডনের একটি পুলিশ স্টেশনে নিরাপত্তা হেফাজতে রয়েছেন।
লন্ডন পুলিশের সন্ত্রাসবাদ দমন কার্যক্রমের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়ক ভিকি ইভান্স বলেন, ‘ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সহযোগিতার ফলেই এই গুরুত্বপূর্ণ গ্রেফতার ও তদন্ত সম্ভব হয়েছে।’
তিনি আরো বলেন, ‘অভিযোগগুলো গুরুতর। এ বিষয়ে এখনো আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক কাশ প্যাটেল ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন।
লন্ডন পুলিশের বিবৃতিতে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘এই গুরুত্বপূর্ণ গ্রেফতারের সাথে গুপ্তচরবৃত্তির অভিযোগ জড়িত। বিষয়টি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের।’
পেন্টাগন এ বিষয়ে বিস্তারিত জানতে বার্তাসংস্থা এএফপিকে মার্কিন সেনাবাহিনীর সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন সেনাবাহিনী এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।
লন্ডন পুলিশের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল শন স্টিঞ্চন সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা ওই জ্যেষ্ঠ সেনাসদস্যের কথিত কর্মকাণ্ডকে ‘গুরুত্বপূর্ণ সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি বাস্তব এবং তা অব্যাহত রয়েছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর অনেক আগে থেকেই রাশিয়া ও ব্রিটেনের সম্পর্কের টানাপোড়েন চলছিল। গুপ্তচরবৃত্তি ও হত্যাচেষ্টার কয়েকটি ঘটনা এ সম্পর্ককে আরো তিক্ত করে তোলে।
এসব ঘটনার মধ্যে রয়েছে ২০০৬ সালে লন্ডনে সাবেক রুশ গুপ্তচর আলেকজান্ডার লিটভিনেনকোকে বিষ প্রয়োগে হত্যা এবং ২০১৮ সালে স্যালিসবারিতে দ্বৈত অ্যাজেন্ট সের্গেই স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








