ড্রোন
ড্রোন। সংগৃহীত ছবি

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের পার্শ্ববর্তী লেনিনগ্রাদ অঞ্চলে গত রাতে কমপক্ষে ১৫০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

Advertisement

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো মেসেজিং অ্যাপ ম্যাক্সে এ তথ্য জানান।

তিনি লেখেন, ‘ড্রোন হামলার সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, গত রাতে লেনিনগ্রাদ অঞ্চলের আকাশে ১৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।’

উস্ত-লুগা বন্দরের এলাকায় এ হামলা চালানো হয়। এতে তিনজন কর্মী আহত হয়েছেন।

গভর্নর বলেন, ‘কিংসেপ পৌর এলাকার উস্ত-লুগা বন্দর এলাকায় হামলার লক্ষ্যবস্তু ছিল। কয়েক দফা ড্রোন হামলার পর সেখানে আগুন ধরে যায়। এতে তিনজন কর্মী আহত হয়েছেন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়।’

সূত্র : বাসস