আবুধাবি, যুক্তরাষ্ট্র, মধ্যস্থতা, রাশিয়া,ইউক্রেন, শান্তি আলোচনা,
ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার । আনদুলু

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন দফার ত্রিপক্ষীয় শান্তি আলোচনা মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হয়েছে। আলোচনায় যুদ্ধ বন্ধের পাশাপাশি দুই দেশের মতপার্থক্য দূর করা এবং ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে নতুন নিরাপত্তাকাঠামো গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।

Advertisement

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু মঙ্গলবার (১০ নভেম্বর) জানায়, আলোচনার শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব বিষয়ে এখনো মতপার্থক্য রয়েছে, সেগুলো চিহ্নিত করেছে ওয়াশিংটন। এসব ব্যবধান দূর করার কিছু উপায়ও তাদের হাতে রয়েছে। দুই পক্ষের সাথে প্রায় প্রতিদিনই যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি।

কুশনার বলেন, যুদ্ধের পঞ্চম বছরে ট্রাম্প চান, তার দল সমাধানের জন্য আরো জোরালো চেষ্টা করুক। এমন একটি সমাধান খুঁজতে হবে, যাতে যুদ্ধের অবসান ঘটে এবং দুই পক্ষই আগের চেয়ে শক্তিশালী অবস্থানে থাকে। যুদ্ধের প্রাণহানি ও মানবিক বিপর্যয় ট্রাম্পকে বিচলিত করছে বলেও জানান তিনি। কুশনারের আশা, এই যুদ্ধই হবে এ অঞ্চলের শেষ যুদ্ধ।

বৈঠকে যোগ দিয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান শান্তিপূর্ণভাবে সংঘাতের অবসানের আশা প্রকাশ করেন। এ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রশংসাও করেন তিনি।

ইউক্রেনের প্রতিনিধিদলের প্রধান রুস্তেম উমেরভ বলেন, যুদ্ধ শেষ করতে জনগণ যেসব বিষয়ে সমাধান চায়, সেগুলো নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে ম্যান্ডেট পেয়েছেন তারা। স্থায়ী শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা চায় কিয়েভ। রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কিও আলোচনায় অগ্রগতির আশা প্রকাশ করেন।

গত ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় ত্রিপক্ষীয় আলোচনা হওয়ার পর এটিই প্রথম বৈঠক। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আবুধাবিতে আরো দুই দফা আলোচনা হয়েছিল। এবারের বৈঠকে ইউরোপীয় কমিশন, ন্যাটো, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও জার্মানির প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানিয়েছেন উমেরভ। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ভাষ্য, মূল আলোচনা হবে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে।