
ফরাসি সুপারমার্কেটের হিমায়ন যন্ত্রে সম্প্রতি চালানো সাইবার হামলার মূল হোতা ইরান বলে নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। তদন্ত শেষে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই মারাত্মক নাশকতার পেছনে রয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের একটি সাইবার দল।
গত ১১ ও ১২ অক্টোবর সংঘটিত এই হামলার পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এরই মধ্যে ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা আসছে।
তদন্তে জানা গেছে, হ্যাকাররা ফারসি ভাষা ও ইরানি আইপি অ্যাড্রেস ব্যবহার করে সুপারমার্কেটের ফ্রিজগুলোর নিয়ন্ত্রণ নেয়। দূর থেকেই রাতারাতি তাপমাত্রা বাড়িয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হয়।
এর ফলে কোটি কোটি টাকার খাদ্যপণ্য সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং অতিরিক্ত গরমে বেশ কিছু জায়গায় আগুন ধরে যন্ত্রাংশ গলে যায়। কারফুর, ই-লেক্লার্ক ও অ্যাঁতেরমার্শের মতো বড় বড় ফরাসি সুপারমার্কেট গ্রুপ এই ভয়াবহ হামলার শিকার হয়েছে।
প্যারিস প্রসিকিউটরের কার্যালয় আইআরজিসির 'শাহিদ কাভে' সাইবার দলের প্রধানসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছে। পররাষ্ট্রমন্ত্রী বারো একে ফরাসি মাটিতে চালানো প্রথম বড় আকারের রাষ্ট্রীয় নাশকতা বলে অভিহিত করেছেন।
ফ্রান্সের পাশাপাশি গত ২ নভেম্বর বেলজিয়াম, আয়ারল্যান্ড ও সুইডেনসহ ইউরোপের আরও কয়েকটি দেশের সুপারমার্কেটেও একই ধরনের ফ্রিজিং বিপর্যয় দেখা গেছে। এই হামলার দাঁতভাঙা জবাব দিতে সরকারি ও বেসরকারি সব ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে প্যারিস।
সূত্র: আল জাজিরা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








