ইলসে আইগনার, জার্মানি, প্রথম নারী প্রেসিডেন্ট,
ইলসে আইগনার। আল জাজিরা

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলসে আইগনারকে মনোনয়ন দিতে যাচ্ছেন চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস। নির্বাচিত হলে তিনিই হবেন দেশটির ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপ্রধান।

Advertisement

রোববার (৮ নভেম্বর) নিজ দল মধ্য-ডানপন্থী খ্রিষ্টীয় গণতান্ত্রিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সাথে এক নৈশভোজে এ ঘোষণা দেন মের্ৎস। আল জাজিরা সোমবার (৯ নভেম্বর) এ খবর জানায়।

৬১ বছর বয়সী আইগনার বাভারিয়ার রাজ্য পার্লামেন্টের স্পিকার। তিনি খ্রিষ্টীয় সামাজিক ইউনিয়নের (সিএসইউ) সদস্য। দলটি বাভারিয়ায় সিডিইউর সহযোগী দল হিসেবে পরিচিত। সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তার মনোনয়ন চূড়ান্ত হলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনাও প্রায় নিশ্চিত।

জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, ক্ষমতাসীন জোটের দলগুলোকে প্রেসিডেন্ট পদে একজন অভিন্ন প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। বর্তমানে সিডিইউ, সিএসইউ ও সামাজিক গণতান্ত্রিক দল (এসপিডি) নিয়ে গঠিত জোট সরকার ক্ষমতায় রয়েছে। আইগনারকে প্রেসিডেন্ট করার পক্ষে এসপিডি আগেও একাধিকবার সমর্থন জানিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচন করে ফেডারেল কনভেনশন। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই এ বিশেষ অধিবেশন বসে। আগামী ৩০ জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি নির্বাচিত করবে এই কনভেনশন।

সামাজিক গণতান্ত্রিক দলের নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে দায়িত্ব নেন। ২০২৭ সালের মার্চে তার পাঁচ বছর মেয়াদি দ্বিতীয় ও শেষ মেয়াদ পূর্ণ হবে।

জার্মানির প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক। তিনি আইনে স্বাক্ষর করেন এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন। তবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের সুযোগও রয়েছে তার। একই সাথে তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেন।

চলতি বছরের শুরুতেই আইগনারের নাম প্রস্তাব করেছিল সিএসইউ। তবে বিকল্প প্রার্থী খুঁজতে গিয়ে মের্ৎস এত দিন তাকে সমর্থন দেয়া থেকে বিরত ছিলেন। এতে দুই সহযোগী দলের মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

স্থানীয় রাজনীতি দিয়ে আইগনারের রাজনৈতিক জীবন শুরু। ১৯৯৮ সালে তিনি জার্মানির কেন্দ্রীয় সংসদে নির্বাচিত হন। সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারে কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। পরে নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে ২০১৮ সালে রাজ্য সংসদের স্পিকার হন।