
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে আগ্রাসন চালানোর ঝুঁকি এবং এর ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন রাশিয়ার সিনেটর আলেক্সেই পুশকভ। তিনি বলেছেন, উত্তেজনা বৃদ্ধি করেও ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইজভেস্তিয়া ওয়েবসাইটের বরাতে ইরনা এ তথ্য জানিয়েছে।
আলেক্সেই পুশকভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, এ ধরনের হামলা শুধু ওয়াশিংটনের জন্যই নয়, বরং মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং বিশ্ব অর্থনীতির জন্যও নেতিবাচক পরিণতি বয়ে আনবে।
তিনি আরো বলেন, ‘এই অঞ্চলে আবারো সংঘাত শুরু হলে নিঃসন্দেহে যুদ্ধ নতুন মাত্রায় পৌঁছাবে। এর ফলে আঞ্চলিক দেশগুলো, বিশ্ব অর্থনীতি এবং খোদ যুক্তরাষ্ট্রকেও নানা নেতিবাচক পরিণতির মুখোমুখি হতে হবে।’
রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের তথ্যনীতি ও গণমাধ্যম সম্পর্কবিষয়ক কমিশনের প্রধানের দায়িত্বেও থাকা এই সিনেটর বলেন, উত্তেজনা বৃদ্ধি করলে ইসলামী প্রজাতন্ত্র ইরান আত্মসমর্পণ করবে না। বরং এর ফলে সংঘাতে জড়িত পক্ষগুলোসহ অন্যান্য দেশকেও আরো বেশি মূল্য দিতে হবে।
তিনি আরো বলেন, উত্তেজনা বৃদ্ধির প্রভাব ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপরও পড়বে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এসব দেশকে অতিরিক্ত অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি হতে হবে।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








