
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, আবাসন সঙ্কট, শিক্ষাখাতে ব্যয়বৃদ্ধি এবং দুর্নীতির প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে সপ্তাহজুড়ে তীব্র বিক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, ইতালি, আলবেনিয়া, স্পেন ও পর্তুগালে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন।
দ্য হিন্দুস্তান টাইমস রোববার (২৫ অক্টোবর) জানায়, কিছু কিছু জায়গায় কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও কোথাও কোথাও তা পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে।
ফ্রান্সে সংঘর্ষ ও ধরপাকড়
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে টানা দ্বিতীয় সপ্তাহের মতো বিক্ষোভ চলাকালে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাজধানী প্যারিস ছাড়াও মার্সেই, লিওন, বোর্দো, লিল ও নান্তেস শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এ সময় দেশজুড়ে প্রায় ১ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল ৭০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি হিসাবে বিক্ষোভকারীর সংখ্যা ৪ লাখ ১০ হাজার হলেও সিজিটি ইউনিয়নের দাবি অনুযায়ী এই সংখ্যা ছিল ৮ লাখ।
ইতালিতে সেনা মোতায়েন
মিলান, রোম ও তুরিনে হাজার হাজার তরুণ বিক্ষোভ মিছিলে অংশ নেন। আগের সপ্তাহের সহিংসতা ও ভাঙচুরের পুনরাবৃত্তি রোধে মিলানে বাড়তি সেনা মোতায়েন করা হয়। মিলানের বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ থাকলেও রোম ও তুরিনে পুলিশের সঙ্গে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। মিলানের রাস্তায় সেনাসদস্যরা টহল দেন এবং সম্ভাব্য সহিংসতা এড়াতে বিলাসবহুল দোকানগুলো কাঠের আস্তরণে ঢেকে দেওয়া হয়। প্রধানমন্ত্রী জর্জি মেলোনি অতিরিক্ত ৫০০ সেনা মোতায়েন এবং সহিংসতায় জড়িত অপ্রাপ্তবয়স্কদের জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন।
আলবেনিয়ায় প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি
আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি ভবনের সামনে আগুন জ্বালিয়ে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ান। পুলিশ টিয়ার গ্যাস ওজলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে টিউশন ফি কমানো, শিক্ষায় রাষ্ট্রীয় বিনিয়োগ বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের প্রস্তাবিত একটি বিলাসবহুল উপকূলীয় রিসোর্ট প্রকল্প নিয়েও জনগণের মধ্যে ক্ষোভ রয়েছে।
সার্বিয়ায় আগাম নির্বাচন ও ছাত্রদের চ্যালেঞ্জ
দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক নেতা আলেকজান্ডার ভুচিচের বিরুদ্ধে শিক্ষার্থী আন্দোলনের মধ্যে সার্বিয়ায় রোববার আগাম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে নোভি সাদ শহরে রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যুর পর দুর্নীতি ও রাজনৈতিক জবাবদিহিতার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল। দুই বছর ধরে চলা এই আন্দোলনের পক্ষে জনসমর্থন ব্যাপক আকার ধারণ করেছে। নির্বাচনে ভুচিচের দল এবং শিক্ষার্থীদের গড়া জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।
পর্তুগাল ও স্পেনের পরিস্থিতি
লিসবনের রোসিও চত্বরে সাশ্রয়ী মূল্যের আবাসনের দাবিতে গড়ে ওঠা একটি প্রতিবাদ শিবির ভোরে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পর্তুগাল বর্তমানে মারাত্মক আবাসন সঙ্কটের মুখোমুখি হয়েছে। ২০১৭ সালের পর থেকে দেশটিতে সম্পত্তির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। অন্যদিকে, মাদ্রিদে হাজার হাজার অবসরপ্রাপ্ত মানুষ সরকারি পেনশন ব্যবস্থা রক্ষা এবং সম্ভাব্য বেসরকারীকরণের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল করেছেন। আগামী মাসের আগাম নির্বাচনকে সামনে রেখে নাগরিকদের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








