
ইউক্রেনের ড্রোন হামলায় শনিবার (২৪ অক্টোবর) রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপে পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। একই দিনে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।
অন্যদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা।
মস্কো-সমর্থিত ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানান, স্থানীয় বিদ্যুৎ গ্রিডে ড্রোন হামলার কারণে ‘বিদ্যুৎ ও পানি সরবরাহে বিধিনিষেধ আরোপ করা হয়েছে’।
তবে এতে কতটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তিনি উল্লেখ করেননি।
ক্রিমিয়ায় ২৫ লাখের বেশি মানুষের বসবাস। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে উপদ্বীপটি দখল করে নেয় রাশিয়া। এরপর থেকে ক্রিমিয়া নিয়মিত ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে।
এদিকে, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের একটি এলাকায় ইউক্রেনের পৃথক হামলায় কমপক্ষে তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে মস্কো-সমর্থিত কর্তৃপক্ষ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর দেশটির ২০টির বেশি অঞ্চলে ৬১৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।
দিনের বেলায় রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রিয়ানস্ক সীমান্ত এলাকায় ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হন বলে জানিয়েছেন অঞ্চলটির ভারপ্রাপ্ত গভর্নর ইয়েগর কোভালচুক।
টেলিগ্রামে তিনি আরো জানান, ক্লিমোভস্কি জেলায় ড্রোন হামলায় ৬৫ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
পোগারস্কি জেলায় একটি কৃষিপ্রতিষ্ঠানের মিনিবাসে ড্রোন আঘাত হানলে দুই ব্যক্তি নিহত হন। আহত হন আরো দু’জন।
এছাড়া ক্লিমোভো গ্রামের একটি বিপণিবিতানে ড্রোন হামলায় দু’জন আহত হন। ক্লিনৎসভস্কি জেলায় একটি আবাসিক ভবনে হামলায় আরো একজন আহত হয়েছেন বলে জানান গভর্নর।
রাশিয়ার কর্তৃপক্ষ আরো জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরিওল অঞ্চলে শুক্রবার রাতে একটি কারখানায় হামলার পর ধ্বংসস্তূপ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তলিয়াত্তি শহরেও ব্যাপক ড্রোন হামলা হয়েছে। এতে ভলগা নদীর তীরবর্তী শহরটির শিল্প অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র ইলিয়া সুখিখ।
অন্যদিকে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শনিবার কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর গানজা জানান, সিনেলনিকোভে শহরে রুশ ড্রোন হামলায় তিনজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। হামলায় একটি বহুতল ভবনের চতুর্থ তলায় আগুন ধরে যায়।
আহতদের মধ্যে ১১ বছর বয়সী এক মেয়েও রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তিনি।
এদিকে সুমি অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি খামারে রুশ ড্রোন আঘাত হানলে ৩১ বছর বয়সী এক নারী নিহত হন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
খারকিভ অঞ্চলের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে জানান, লোজোভা শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








