ইতালির পতাকা
ইতালির পতাকা। সংগৃহীত ছবি

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতির কারণে দেশটিতে সব ধরনের ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের সতর্কবার্তা দিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

Advertisement

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় ইতালীয় নাগরিকদের সৌদি আরবে সব ধরনের ভ্রমণ স্থগিত রাখার এবং সৌদি ভূখণ্ডের বিমানবন্দরগুলো ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। 

পাশাপাশি সৌদি আরবের পরিবর্তে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

এছাড়া জরুরি প্রয়োজনে সৌদি আরবের ভেতরে বা সীমান্ত পেরিয়ে ভ্রমণের ক্ষেত্রে আকাশপথের পরিবর্তে বিকল্প উপায় ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

সৌদি আরবে অবস্থানরত ইতালীয় নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বন করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে নিরাপদে স্থানে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।

মন্ত্রণালয় নাগরিকদের সামরিক ও নিরাপত্তা স্থাপনা, জ্বালানি ও পরিবহন অবকাঠামো কিংবা সামরিক কার্যক্রম দ্বারা ক্ষতিগ্রস্ত কোনো এলাকার কাছাকাছি না যাওয়ার বিষয়ে সতর্ক করেছে।

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাজান, নাজরান ও আসিরে ভ্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে ইয়েমেন সীমান্তের কাছাকাছি এলাকায় ভ্রমণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ইতালি।

সূত্র : আল জাজিরা