
ফ্রান্সে গত সপ্তাহান্তে বিক্ষোভ ঘিরে সহিংসতা ও ভাঙচুরে কয়েক কোটি থেকে শত শত মিলিয়ন ইউরো পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে দেশটির সরকার। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে, সে জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন অর্থমন্ত্রী রোলাঁ লেসকিউর। এর মধ্যেই আগামী ২৪ অক্টোবর নতুন বিক্ষোভের ঘোষণা এসেছে।
তুরস্কের বার্তা সংস্থা আনদোলু বুধবার (২১ অক্টোবর) জানায়, ফরাসি রেডিও আরটিএলকে দেয়া সাক্ষাৎকারে লেসকিউর গত সপ্তাহান্তের সহিংসতাকে ‘অত্যন্ত গুরুতর’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘নৈরাজ্যবাদী ও গুন্ডা—এই দুই সহিংস গোষ্ঠী দেশের ভেতর থেকেই ফ্রান্সের ওপর হামলা চালিয়েছে।’ সহিংসতায় ক্ষতিগ্রস্ত দোকানিদের সহায়তা করতে সরকার বিমা কোম্পানিগুলোর সাথে কাজ করছে বলেও জানান তিনি। লেসকিউর বলেন, ‘এ ধরনের ঘটনা যাতে আবারো না ঘটে, সে জন্য আমরা সম্ভাব্য সবকিছু করব।’
ইয়েলো ভেস্ট আন্দোলন আগামী শনিবার প্যারিসে বিক্ষোভের ঘোষণা দিয়েছে। ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির খবরে বলা হয়, আন্দোলনের সমন্বয়ক বেঞ্জামিন বল জানিয়েছেন, কর্মসূচির বিষয়ে প্যারিস পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিক ঘোষণা জমা দেয়া হয়েছে। তিনি আরো জানান, শ্রমিকদের সাধারণ কনফেডারেশনের প্যারিস শাখা এবং একটি ছাত্র সংগঠনও বাস্তিল চত্বরে সমাবেশ করার পরিকল্পনা করেছে।
গত ১৭ অক্টোবর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার মানুষ রাস্তায় নামেন। প্যারিসে বিক্ষোভ একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় গাড়িতে আগুন দেয়া হয়, কয়েকটি দোকানে লুটপাট চলে এবং দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








