
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইউক্রেনের কৌঁসুলিরা এ তথ্য জানিয়েছেন।
এ সময় তারা হামলার পর সড়কে ছড়িয়ে থাকা অন্তত দু’টি পুড়ে যাওয়া গাড়ির ছবি প্রকাশ করেন।
কৌঁসুলিরা জানান, রাজধানী কিয়েভের সাথে দক্ষিণাঞ্চলীয় শহর ওদেসাকে যুক্ত করা এম০৫ মহাসড়কের পাশের চাবানি শহরে এ হামলা হয়।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইউক্রেনের জরুরি উদ্ধার বিভাগ জানায়, হামলার পর মহাসড়কে দু’টি যাত্রীবাহী গাড়িতে আগুন ধরে যায়।
কিয়েভ অঞ্চলের কৌঁসুলি দফতর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা এখনো যাচাই করা হচ্ছে।’
এর আগে, মঙ্গলবার ইউক্রেনের কর্তৃপক্ষ জানায়, দেশটির বিভিন্ন স্থানে রাশিয়ার হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এসব হামলা নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ হিসেবে পরিচিত ইউক্রেন যুদ্ধ সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে চলমান রয়েছে। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








