ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সংগৃহীত ছবি

ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে শনিবার (১৭ অক্টোবর) বিক্ষোভের প্রাক্কালে সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থী বিক্ষোভ আরো সহিংস রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

Advertisement

বিক্ষোভকে কেন্দ্র করে প্রেসিডেন্ট নির্বাচনের আগের আগামী ছয় মাস রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। এ পরিস্থিতিতে প্যারিসের কেন্দ্রস্থলে বিক্ষোভ নিষিদ্ধ করেছে নগর কর্তৃপক্ষ।

আট বছর আগে ম্যাক্রোঁ সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তোলা ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন শনিবারের কর্মসূচির নাম দিয়েছে ‘ইয়েলো অ্যান্ড ইয়ুথ’ বা ‘হলুদ ও তরুণ’। আন্দোলনকারীরা শিক্ষক, শিক্ষার্থী, শ্রমিক, পেনশনভোগী ও কৃষকদের এতে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ফ্রান্স-২ টেলিভিশনকে বলেন, ‘আমরা বিপুলসংখ্যক জনসমাগমের ধারণা করছি।’ 
পুলিশের একটি সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষের ধারণা, প্রায় দুই লাখ মানুষ বিক্ষোভে অংশ নিতে পারেন। এর মধ্যে প্যারিসে থাকবেন ৪০ হাজার।

ম্যাক্রোঁ শান্ত থাকা ও পরস্পরের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে যোগ দিতে ব্রাসেলসে থাকা ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘বিক্ষোভের অধিকার যেমন রয়েছে, তেমনি মানুষ ও সম্পদের প্রতি শ্রদ্ধা ও দায়িত্বও দেখাতে হবে।’

সরকারের এক মুখপাত্র ম্যাক্রোঁ উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি এ সপ্তাহে বলেছেন, শিক্ষার্থীদের ‘যৌক্তিক’ দাবিগুলোকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হচ্ছে বলে তিনি মনে করেন।

ফ্রান্সের উগ্র বাম ও উগ্র ডানপন্থী দলগুলোও এ অস্থিরতাকে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরার সুযোগ হিসেবে নিয়েছে।

উগ্র বামপন্থী দল ফ্রান্স আনবাউডের নেতা জ্যঁ-লুক মেলঁশ শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন। মঙ্গলবার তাদের সমর্থনে আয়োজিত একটি বিক্ষোভেও তিনি অংশ নেন।

অন্যদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের জনমত জরিপে এগিয়ে থাকা মেরিন ল্য পেন তার ন্যাশনাল র‌্যালি দলকে পুলিশের পক্ষের শক্তি হিসেবে তুলে ধরেছেন।

শিক্ষার্থীদের বিক্ষোভের সাথে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ যুক্ত হলে আগামী এপ্রিল ও মে মাসে দুই দফায় অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে ম্যাক্রোঁ সরকারের ওপর এর বড় প্রভাব পড়তে পারে।

সূত্র : বাসস