
রাশিয়ার দূরবর্তী সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলে এক গবেষণা প্রতিষ্ঠানের কর্মী নিউমোনিয়াসদৃশ উপসর্গে মারা গেছেন। তিনি প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার পর প্রায় ২০০ জনকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আল জাজিরা সোমবার (৫ অক্টোবর) জানায়, সাইবেরিয়ার 'ইরকুটস্ক অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউট অব সাইবেরিয়া অ্যান্ড দ্য ফার ইস্ট'-এর ২৮ বছর বয়সী ল্যাব টেকনিশিয়ান দারিয়া শিপিলোভা সম্প্রতি মারা যান। পার্শ্ববর্তী বুরিয়াতিয়া অঞ্চলের গভর্নর আলেক্সি সাইদেনভ তাঁর টেলিগ্রাম চ্যানেলে জানান, ওই নারী প্লেগে মারা গিয়ে থাকতে পারেন। তবে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে তিনি বলেন, ওই নারী বুরিয়াতিয়া সফর করেননি বলে নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ।
অন্যদিকে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানায়, দেশটির ভোক্তা অধিকার সংস্থা 'রসপোট্রেবনাদজর' জানিয়েছে ওই কর্মীর ‘অনির্দিষ্ট কারণে নিউমোনিয়া’ হয়েছিল। সংস্থাটি নমুনার বিস্তৃত পরীক্ষা চালিয়ে তাঁর পেশাগত কাজের সাথে সম্পৃক্ত কোনো জীবাণুর উপস্থিতি পায়নি বলে দাবি করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আল জাজিরাকে দেয়া এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের 'সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন' বা সিডিসি ও অন্যান্য অংশীদারদের সাথে নিয়ে তারা পুরো পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। মার্কিন কর্মকর্তা দ্রুত ও স্পষ্টভাবে সঠিক তথ্য প্রকাশ করার জন্য রুশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বা ডাব্লিউএইচও তথ্য অনুযায়ী, নিউমোনিক প্লেগ 'ইয়ারসিনিয়া পেস্টিস' নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। এটি সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী ও তাদের মাছি থেকে ছড়ায়। অত্যন্ত সংক্রামক এই রোগের দ্রুত চিকিৎসা না করা হলে তা প্রাণঘাতী হতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








