
ইউক্রেনের সাথে সঙ্ঘাত শুরুর পর প্রথমবারের মতো বৃহস্পতিবার কিয়েভের একটি গুরুত্বপূর্ণ সেতুতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।
শীতের আগে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে মস্কো হামলা জোরদার করেছে।
দিনিপ্রো নদীর ওপর নির্মিত সাদার্ন ব্রিজে দুই দফা রুশ হামলা চালানো হয়। এটি ইউক্রেনের রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ পথ।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে সেতুর পিলারের কাছে বিস্ফোরণ হতে দেখা গেছে। সে সময় সেতুর ওপর দিয়ে সড়ক যানবাহন ও মেট্রো ট্রেন চলাচল করছিল।
হামলার পর সেতুটি সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে আবার খুলে দেয়া হয়।
কিয়েভ সিটি স্টেট প্রশাসন বলেছে, ‘প্রাথমিক পরিদর্শনে বিশেষজ্ঞরা স্থাপনাটিতে কোনো গুরুতর ক্ষতি পাননি।’
সাম্প্রতিক সময়ে কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। আকাশপথে হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানীকে সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রাখা হচ্ছে।
যদিও বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাথে দূরপাল্লার হামলা বন্ধের সম্ভাবনা নাকচ করে দেন।
এর আগে, বুধবার কিয়েভ জানায়, জ্বালানি খাতে রাশিয়ার ব্যাপক হামলা শীতের আগে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অচল করে দেয়ার পরিকল্পিত অভিযানের সূচনা।
রাশিয়া এখন জেটচালিত ড্রোন ব্যবহার করছে। এগুলো দ্রুতগতির এবং প্রচলিত মডেলের তুলনায় ভূপাতিত করা কঠিন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপদেষ্টা সের্হি বেস্ক্রেসনভ বলেন, রাশিয়া এখন বিদ্যুতের খুঁটি ও ইস্পাতের সেতু কাঠামো ধ্বংসের জন্য নতুন ড্রোন ব্যবহার করছে।
তবে, ইউক্রেনের জ্বালানি খাতকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার কথা স্বীকার করেছে মস্কো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকে তারা বরাবরই এ কৌশল ব্যবহার করে আসছে।
ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, বুধবার রাশিয়ার একটি ড্রোন কিয়েভের নিউক্লিয়ার রিসার্চ ইনস্টিটিউটের চত্বরে আঘাত হানে। তবে এতে পরীক্ষামূলক চুল্লিটি ক্ষতিগ্রস্ত হয়নি।
সংস্থাটি আরো জানিয়েছে, ২০২২ সাল থেকেই চুল্লিটি বন্ধ রয়েছে। বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








