
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতে রুশ হামলায় দু’জন নিহত এবং আরো চারজন আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারির পর কিয়েভজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাত পঞ্চম বছরে গড়ানোর মধ্যে কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ক্রমেই বেড়েছে।
রাতের হামলার আগে ইউক্রেনের বিমানবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকির বিষয়ে সতর্ক করে। পরে তারা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো কিয়েভের দিকে এগিয়ে আসছে।
বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা শহরজুড়ে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় কিছুটা বিঘ্নও দেখা গেছে।
কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, হামলায় দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।
কর্মকর্তারা জানায়, হামলায় আগুন ধরে যায় এবং কিয়েভ ও এর আশপাশের এলাকায় বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, ‘কিয়েভ অঞ্চলে আবারো শত্রুর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে।’
রাজধানীতে জরুরি বিভাগের কর্মীরা বাড়িঘর, গুদাম, বাণিজ্যিক ভবনসহ বিভিন্ন স্থানে লাগা আগুন নেভাতে কাজ করেন।
রাশিয়া নতুন ধরনের জেটচালিত ড্রোন ব্যবহার করছে। এসব ড্রোন প্রচলিত ড্রোনের তুলনায় দ্রুতগতির এবং প্রতিহত করা কঠিন। প্রচলিত ড্রোনগুলো ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি।
সূত্র : বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








