
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় নারীসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যেই যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, তবে মস্কোর শীর্ষ কূটনীতিক আলোচনার পথে বাধা সৃষ্টির জন্য ইউরোপকে দায়ী করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনে চারজন এবং ইউক্রেনের হামলায় রাশিয়া ও দেশটির দখলে থাকা এলাকায় ছয়জন নিহত হয়েছেন।
আঞ্চলিক সামরিক প্রশাসনের তথ্যমতে, ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিজেদের বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুই নারী নিহত হন।
এদিকে, সুমি শহরে রাশিয়ার আরেকটি হামলায় দু’জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
অন্যদিকে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার এলাকায় ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন।
ওই অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, হামলার ফলে দু’টি শিল্প কারখানায় আগুন লাগার ঘটনাও ঘটেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মস্কো-নিযুক্ত আঞ্চলিক প্রধান ইয়েভজেনি বালিৎস্কি জানিয়েছেন যে, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ইউক্রেনের হামলায় জাপোরিঝিয়া অঞ্চলের রুশ-নিয়ন্ত্রিত এলাকায় তিনজন নিহত হয়েছেন।
এর আগে, শুক্রবার কিয়েভে রুশ হামলায় সাতজন নিহত ও ৫৮ জন আহত হন এবং ইউক্রেনের বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সূত্র : আল জাজিরা








