
ইউক্রেনের রাজধানী কিয়েভে দু’টি পেট্রোল স্টেশন ও অন্যান্য স্থাপনায় জেটচালিত ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কয়েক ঘণ্টা পরই বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে এসব হামলা চালানো হয়।
সাংবাদিকরা জানান, শহরের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।
রাশিয়া তাদের কৌশল পরিবর্তন করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা কিয়েভ ও এর আশপাশের এলাকায় দ্রুতগামী এবং উঁচুতে উড়তে সক্ষম জেট ড্রোন দিয়ে ধারাবাহিক হামলা চালাচ্ছে। এসব ড্রোন মাঝপথে প্রতিহত করা বেশ কঠিন।
ইউক্রেনের তেল কোম্পানি ‘উকরনাফতা’ জানিয়েছে, রাজধানী কিয়েভে তাদের একটি পেট্রোল স্টেশনে রাশিয়া আঘাত হেনেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের স্থাপনায় এটি ষষ্ঠ হামলার ঘটনা।
মঙ্গলবার নিউইয়র্কে ট্রাম্পের সাথে জেলেনস্কির আলোচনার পরপরই এই হামলার ঘটনা ঘটল। ওই আলোচনায় জ্বালানি-সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর সম্ভাব্য দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছিল।
জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া যদি ইউক্রেনের অবকাঠামোর ওপর হামলা বন্ধ রাখে, তাহলে মস্কোর সাথে জ্বালানিবিষয়ক যুদ্ধবিরতির যেকোনো বিষয় মেনে নিতে প্রস্তুত তিনি।
ইউক্রেনের রেলওয়ে পরিচালনাকারী সংস্থার নির্বাহী প্রধান ওলেক্সান্দর পার্তসভস্কি জানিয়েছেন, কিয়েভে রেলওয়ের অবকাঠামোও হামলার শিকার হয়েছে এবং এতে তাদের এক কর্মী আহত হয়েছেন।
সূত্র : রয়টার্স








