
ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রাতভর রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। রোববার আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স রোববার (২০ সেপ্টেম্বর) জানায়, রুশ ড্রোন হামলায় কিয়েভ অঞ্চলের একটি বেসরকারি বাড়িতে এক মা ও তার তিন বছর বয়সী দুই যমজ সন্তান নিহত হয়েছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে।
কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তকাচেঙ্কো জানান, অন্য একটি জেলায় পৃথক ড্রোন হামলায় আহত এক কিশোরী হাসপাতালে মারা গেছে।
তকাচেঙ্কো বলেন, এক দিনেরও বেশি সময় ধরে অঞ্চলটি শত্রুপক্ষের হামলার শিকার হয়েছে। পাঁচটি জেলায় ৩১টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরো জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফাস্তিভ জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ২৪টি স্থাপনায় হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বসতবাড়ি, শিল্প ও ইউটিলিটি ভবন, একটি কৃষি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ এবং বিভিন্ন যানবাহন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া নিয়মিত ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের কিয়েভ অঞ্চলে হামলা করছে।







