গোপন-উপগ্রহ-সামরিক-কক্ষপথ-রকেট
রাশিয়ার গোপন সামরিক সরঞ্জাম নিয়ে যাচ্ছে সয়ুজ-২.১বি রকেট ছবি: সংগৃহীত

গোপন সামরিক সরঞ্জাম নিয়ে একটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে রাশিয়া। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দেশটির দ্বিতীয় কক্ষপথ অভিযান। আরখানগেলস্ক অঞ্চলের প্লেসেৎস্ক উৎক্ষেপণকেন্দ্র থেকে রাতের আঁধারে সরঞ্জামটি মহাকাশে পাঠানো হয়।

আন্তর্জাতিক বার্তা সংস্থা আরটি (১৮ সেপ্টেম্বর) জানায়, রাশিয়ার মহাকাশবাহিনী এই উৎক্ষেপণ পরিচালনা করেছে। সরঞ্জামটির সঠিক ধরন প্রকাশ করা হয়নি। তবে এটি একটি উপগ্রহ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কক্ষপথে পৌঁছানোর পর মহাকাশযানটি ভূমিতে থাকা নিয়ন্ত্রণকেন্দ্রের সাথে সফলভাবে যোগাযোগ স্থাপন করেছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, উৎক্ষেপণে মাঝারি ওজনের সরঞ্জাম বহনে সক্ষম সয়ুজ-২.১বি রকেট ব্যবহার করা হয়েছে।

মহাকাশে নিজেদের স্যাটেলাইট সক্ষমতা বাড়িয়ে চলেছে রাশিয়া। এর অংশ হিসেবে বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ব্যুরো ১৪৪০-এর তৈরি রাশভেত (অর্থাৎ ‘ভোর’) নামের নিম্নকক্ষপথের ব্রডব্যান্ড স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। ২০২৬ সালের শেষ নাগাদ কক্ষপথে ১৫৬টি রাশভেত স্যাটেলাইট এবং ২০৩৫ সালের মধ্যে প্রায় ৯০০টি উপগ্রহ স্থাপনের পরিকল্পনা রয়েছে মস্কোর।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই নেটওয়ার্ক ইলন মাস্কের স্টারলিংকের তুলনায় ‘কোনো অংশে কম নয়’ এবং ‘কিছু ক্ষেত্রে সেটিকে ছাড়িয়েও যেতে পারে’।

এদিকে উপগ্রহটনির্ভর নিয়ন্ত্রণব্যবস্থা সম্বলিত ভারী আক্রমণাত্মক ড্রোনও তৈরি করছে রাশিয়া। এসব ড্রোন তড়িৎচৌম্বকীয় যুদ্ধ ও যোগাযোগে বিঘ্ন ঘটানোর প্রচেষ্টার বিরুদ্ধে আরো বেশি প্রতিরোধ গড়ে হতে পারে।

বুধবার কাজাখস্তানের বাইকোনুর উৎক্ষেপণকেন্দ্র থেকে সয়ুজ-২.১বি রকেটের সাহায্যে আরো একটি উৎক্ষেপণ পরিচালনা করে রসকসমস। এতে প্রগ্রেস এমএস-৩৫ নামের একটি মালবাহী মহাকাশযান কক্ষপথে পাঠানো হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বা আইএসএস জন্য মহাকাশযানটিতে ২ দশমিক ৪ টন মালামাল রয়েছে।

রসকসমস জানিয়েছে, চালকহীন মালবাহী মহাকাশযানটি সপ্তাহান্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভিড়বে।