অনন্ত জলিল
অনন্ত জলিল। সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের নায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত (অনন্ত জলিল) ২২৬ কোটিরও বেশি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে পারছেন না। ফলে, তিনি সঙ্কটে পড়েছেন বলে শোনা যাচ্ছে। এমন বিপদ থেকে উত্তরণে পবিত্র কোরআনের সূরা আল ফাতিহার আয়াত ও সূরা আল ইমরানের ১৭৩ নম্বর আয়াত লিখে শুভাকাঙ্ক্ষী সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। 

Advertisement

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুকে এমন স্ট্যাটাস দেন অনন্ত জলিল। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ইয়্যা-কা না'বুদু ওয়া ইয়্যা-কা নাস্তা’ঈন।’ ‘আমরা কেবল আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি।’

তিনি স্ট্যাটাসে সূরা আল ইমরানের আয়াত লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’ ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।’

পবিত্র কোরআনের দু’টি আয়াতের শেষে অনন্ত জলিল লেখেন, ‘যারা সোশ্যাল মিডিয়াতে আমার জন্য দোয়া করেছেন, অনেকেই ভালো ভালো পোস্ট করেছেন এবং পজেটিভ ভিডিও আপলোড করেছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর যারা টিআরপির জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি- যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।’

উল্লেখ্য, সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) থেকে নেয়া এবি অ্যাপারেলস লিমিটেডের ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 
 
ব্যাংকের তথ্যমতে, ২০২৪ সালের আগস্টে ঋণ পুনঃতফসিল করা হলেও পরবর্তী সময়ে দেয়া চেক গত ২ নভেম্বর পর্যাপ্ত টাকা না থাকায় প্রত্যাখ্যাত হয়। নোটিশে আগামী ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারায় আইনি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।