সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট ক্যাম্পাসে সংঘর্ষের মুহূর্ত। সংগৃহীত

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে রোববার দুপুরে হিন্দুত্ববাদী সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সাথে ফিল্ম ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।

অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত নামে সংগঠনটিকে ক্যাম্পাসের অডিটোরিয়াম ভাড়া দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সূত্রপাত হয়।

এই সংগঠনটির প্রতিষ্ঠাতার সাথে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের যোগাযোগের কথা অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যাচ্ছে, প্রথমে স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি এবং শারীরিক হামলার অভিযোগে গড়ায়।

উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।

ফিল্ম ইনস্টিটিউটের সাউন্ড বিভাগের ছাত্র সোহম পাল বিবিসির কাছে অভিযোগ করেছেন, ‘ক্যাম্পাসের এই জায়গাটি যে ওদের অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া হয়েছে, সেটা আমরা জানতামই না। অথচ আমাদের ক্যাম্পাসের কোনো অংশ অনুষ্ঠান বা শ্যুটিংয়ের জন্য ভাড়া দেয়া হলে সাধারণত ছাত্রছাত্রীদের সেটা জানানো হয়।’

অন্যদিকে, অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের আয়োজকরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কোনো প্ররোচনা ছাড়াই ছাত্রছাত্রীরা তাদের উপর হামলা করেন।’

এদিকে, ঘটনাস্থলে বিজেপি সমর্থকরাও জড়ো হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র : বিবিসি