‘নয়নের আলো’ নাটকের পোস্টার
‘নয়নের আলো’ নাটকের পোস্টার সংগৃহীত

দোহার ও নবাবগঞ্জের মনোরম লোকেশনে চিত্রায়িত নতুন নাটক ‘নয়নের আলো’ মুক্তির পর দর্শকমহলে সাড়া ফেলেছে। জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেপ্লাস’-এর ব্যানারে নির্মিত নাটকটি বর্তমানে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত রয়েছে।

নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবিদ বীন পারভেজ প্রান্ত ও তাবাসসুম ছোঁয়া। তাদের অভিনয়, চরিত্রায়ণ ও পর্দায় রসায়ন দর্শকদের নজর কেড়েছে। নাটকটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ দর্শকমহলে ছোঁয়া ও প্রান্তের অভিনয় নিয়ে প্রশংসা দেখা যাচ্ছে।

‘নয়নের আলো’ নাটকে আরো অভিনয় করেছেন রোশেন শরিফ, জুবায়ের জাহিদ, মাসুদ মহিউদ্দিন, পংকজ মজুমদার, শেখ স্বপ্না, তাহমিনা মোনাসহ আরো অনেকে। দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন মনোরম স্থানকে কেন্দ্র করে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে। ফলে গল্পের পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যও নাটকটিতে আলাদা মাত্রা যোগ করেছে।

নাটকটির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ হাসান আনন। নাটকের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ‘ওরে পোড়া মন’ শিরোনামের গান। গানটির কথা ও সুর করেছেন জাহিদ হাসান আনন ও চঞ্চল রায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন অমিত কুমার ভৌমিক অপু।

নাটকটি মুক্তির পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এর গল্প, অভিনয় ও সঙ্গীত ঘিরে। বিশেষ করে ছোঁয়া ও প্রান্তের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দর্শকরা সিনেপ্লাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে ‘নয়নের আলো’ নাটকটি উপভোগ করতে পারবেন।