সম্পাদকীয়
সম্পাদকীয় লোগো। নয়া দিগন্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও ভাঙচুর অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ  করে আসামি ছিনিয়ে নেয়া এবং একজন সরকারদলীয় সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। সারা দেশে চোরাগোপ্তা হামলার বিস্তৃতি ঘটাচ্ছে তারা। দলটির নাশকতা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে। সরকার এর মোকাবেলায় নমনীয়তা দেখাচ্ছে। 
গত রোববার গোপালগঞ্জে আওয়ামী লীগ জমায়েত করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরকারি স্থাপনায় হামলা, বিএনপি নেতাকর্মীদের অফিস ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। টুঙ্গিপাড়ায় কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হলে তাদের ছাড়াতে মঙ্গলবার থানা পুলিশকে ১০ মিনিটের আলটিমেটাম দেয় তারা। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক নেতাকর্মী নিয়ে সঙ্ঘবদ্ধ হয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে পুলিশ হেফাজতে থাকা ১০ ছাত্রলীগ নেতাকর্মীকে ছিনিয়ে নেয়। রাত পৌনে ৯টার দিকে তাদের একটি দল টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সংসদীয় আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। একই দিনে ফরিদপুরের ভাঙায় কৃষক দলের এক নেতাকে হত্যা করেছে আওয়ামী লীগ। গতকাল বুধবার ভোরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসস্ট্যান্ডে থাকা একটি বাসে আগুন দিলে বাসের হেলপার দগ্ধ হয়ে মারা যান। 
পুলিশ সদর দফতর জানাচ্ছে, দেশে ৭ থেকে ১৬ তারিখ পর্যন্ত ১০ দিনে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ ও ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত দুই দিনে চোরাগোপ্তা হামলা অনেক বেড়েছে।  
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ চুপসে গিয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল তাদের সব কার্যক্রম। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে  দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা সরকারি দলের কাছ থেকে ছাড় পায়। এখন তারা দেশে বেপরোয়া সন্ত্রাস চালাচ্ছে। 
সন্ত্রাসের উসকানি আসছে দেশের বাইরে থেকে। পালিয়ে থাকা দলটির নেতারা সরাসরি নির্দেশনা দিচ্ছেন কোথায় কোথায় হামলা করতে হবে। সামাজিক মাধ্যমে তাদের গোপন আলাপের অডিও ছড়িয়ে পড়ছে। সেখানে তারা স্পষ্ট রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের এসব সন্ত্রাস বন্ধে সরকারের আইনশৃঙ্খলাবাহিনীর আরো সক্ষমতা প্রত্যাশা করে দেশবাসী। দুর্ভাগ্য হলো— পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আটক হয়েছেন নিষিদ্ধ দলটির সাথে যোগসাজশের জন্য। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে— পুলিশের বড় একটি অংশকে নজরদারির আওতায় রাখা হয়েছে। অথচ সময়মতো উদ্যোগ নিলে আইনশৃঙ্খলা কাঠামো থেকে ফ্যাসিস্টের সমর্থকদের বের করা যেত। 
পরিস্থিতি যে পর্যায়ে গেছে তা মোকাবেলায় সরকার একা যথেষ্ট নয়। দরকার সব দল ও শান্তিকামী জনগণের ঐক্য। মোট কথা, বৃহত্তর পরিসরে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। পালিয়ে যাওয়া দলের পাশাপাশি বৃহত্তম প্রতিবেশী এই অস্থিরতা তৈরিতে ইন্ধন জোগাচ্ছে। আওয়ামী লীগের সন্ত্রাস নতুন করে প্রমাণ করার কিছু নেই। বিগত সাড়ে ১৫ বছরের শাসন এবং জুলাইয়ে দেড় হাজার মানুষ হত্যাকাণ্ডই যথেষ্ট। এই সন্ত্রাস দমনের জন্য দায়ীদের বিরুদ্ধে বিচারকে বেগবান করতে হবে। সময়মতো বিচারকাজ সম্পন্ন করা গেলে এমন লাগামহীন সন্ত্রাস করার সাহস পুনরায় তারা পেত না।  

Advertisement