
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণসহ নানা নাশকতা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসন্ত্রাস চালানো হয়েছে। এতে তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন। নুসরাত তাবাসসুম একজন জুলাইযোদ্ধা।
জুলাই বিপ্লব এনেছিলেন জুলাইযোদ্ধারা। তাদের আন্দোলনের কারণেই পতন হয়েছে ফ্যাসিবাদী রেজিমের। এ কারণে জুলাইযোদ্ধাদের ওপর হামলা করছে তারা। ২০২৪ সালের বিপ্লবে ছাত্র-জনতাসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল। বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের ডাকে জাতীয় ঐক্যের প্লাটফর্মও তৈরি হয়েছিল। দুর্ভাগ্য সেই ঐক্য টিকে থাকেনি। জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে তৈরি হয়েছে বিভেদ। কাদা ছোড়াছুড়ি করছেন তারা। বিরোধীদের চরিত্র হনন করতে অনলাইনে ছড়ানো হচ্ছে গুজব। এতে মাঠপর্যায়ে সরকারি দল ও বিরোধী দলগুলোর সমর্থকদের মধ্যে অনেকটা তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে। এই সুযোগটাই নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
বিভেদের সুযোগ নিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে তারা। থানার ফটকের সামনেও ককটেল ছোড়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় এলাকায় বিস্ফোরণ হচ্ছে, পাওয়া যাচ্ছে অবিস্ফোরিত ককটেল। গাড়িতে আগুন দিয়ে চালক হত্যা করছে। এসব নাশকতার মূল উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ তৈরি করা।
শুরুর দিকে এই নাশকতাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিরোধীপক্ষ থেকে তখন অভিযোগ করা হয়েছিল, তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগী নন। তবে এখন আশার কথা হলো, চলতি সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলায় সরকারি দল, বিরোধী দল, সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে এক থাকতে হবে।
অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফ্যাসিবাদী শক্তির ফিরে আসা ঠেকাতে কেবল বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন তিনি। বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে ধন্যবাদ জানান। বিষয়টি ইতিবাচক। আমরা আশা রাখি, এর ধারাবাহিকতায় ঐক্য প্রক্রিয়া এগিয়ে যাবে।
আমাদের মনে রাখতে হবে, মাঠের রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। তবে বিরোধীপক্ষকে শত্রু হিসেবে গণ্য করা যাবে না। দোষারোপ, কাদা ছোড়াছুড়ি ও চরিত্র হননের রাজনীতি ফ্যাসিবাদী শক্তিকে সুবিধা দেবে।
মানুষ আর কোনো দুঃসহ রাজনৈতিক পরিস্থিতির শিকার হতে চায় না। ছাত্র-জনতার বিপ্লবকে ধারণ করে জুলাইয়ের শক্তি এক থাকতে পারলে নিরাপদ দেশ গড়ে তোলা সম্ভব। ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার সব পথ এর মাধ্যমে বন্ধ করা যাবে। দুঃখজনক হলো, এখনো জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। দেশের গণতান্ত্রিক কাঠামো রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জন করা চেতনার আইনি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি হলো জুলাই সনদ। এই সনদ বাস্তবায়ন করে কাক্সিক্ষত জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হবে আশা করা যায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








