
চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তা অঙ্গনে নতুন করে অস্থিরতার পাঁয়তারা করা হচ্ছে। ঢাকাসহ বিভিন্ন স্থানে গত কয়েক দিন ধরে দলটির সন্ত্রাসী নেটওয়ার্ক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং চোরাগুপ্ত হামলা চালাচ্ছে। এদের উদ্দেশ্য— জনমনে উদ্বেগ ও ভীতি ছড়ানো।
শেখ হাসিনার দেশে ফেরার নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের মদদপুষ্টরা যে ধরনের নাশকতা শুরু করেছে, তা মূলত রাজনীতিতে তাদের একটি কৌশলগত চাপ তৈরির অপচেষ্টা। নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও দলটির বিভিন্ন স্তরের জনবলের এই নাশকতার লক্ষ্য— দলীয় নেতাকর্মীদের চাঙ্গা রাখা। রাজনৈতিক অস্তিত্বের জানান দেয়া।
দীর্ঘ দেড় দশক ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় থেকে অবশেষে ক্ষমতাচ্যুত হওয়ায় দলটির নেতাকর্মীদের মধ্যে যে হতাশা ও বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, তা কাটাতে শেখ হাসিনার ফেরার খবরটি এক ধরনের মনস্তাত্ত্বিক উদ্দীপক হিসেবে ব্যবহারের চেষ্টামাত্র। এর মাধ্যমে গোপনে সংগঠন ধরে রাখা। ঝটিকা মিছিল বা গোপন তৎপরতায় সাংগঠনিক কাঠামো টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। সেই সাথে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বাড়তি চাপ তৈরি করাও লক্ষ্য। যাতে করে রাজনৈতিক ও আইনি শিথিলতার সুযোগ পাওয়া যায়।
ককটেল নিক্ষেপ কিংবা বাসে আগুন দেয়ার মতো নাশকতা কোনোভাবে মেনে নেয়া যায় না। অতীতেও আওয়ামী লীগ এমন অপকর্মে জড়িত ছিল। রাজধানীর শাহবাগে শেরাটন (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) হোটেলের সামনে ২০০৪ সালের ৪ জুন বাসে আগুন দেয়ার অভিযোগ আছে যুবলীগের বিরুদ্ধে। ওই ঘটনায় নারী-শিশুসহ ১১ জন দগ্ধ হয়ে মারা যায়। ঠিক একই কায়দায় গত কয়েক দিনে ফার্মগেট, পল্লবী, মিরপুর, মগবাজার, সাভার, নারায়ণগঞ্জ ও ফরিদপুরসহ বিভিন্ন স্থানে যেভাবে নাশকতা করেছে দুর্বৃত্তরা তাতে আইনশৃঙ্খলা নিয়ে জনমনে উদ্বেগ দেখা দেয়া স্বভাবিক। বিশেষ করে ফরিদপুরে থামানো একটি বাসে আগুন দেয়ায় ঘুমন্ত বাসচালক মো: কালাচাঁদের মর্মান্তিক মৃত্যু আরো ভীতি ছড়িয়েছে। সন্ত্রাসী এই কর্মকাণ্ড শুধু জানমালের ক্ষতি করছে না। দেশের সামগ্রিক শান্তি-স্থিতিশীলতারও বিঘ্ন ঘটাচ্ছে। যদিও নৈরাজ্যকর এ পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে তৎপর।
লক্ষণীয়, অপরাধীরা এসব নাশকতা ঘটাতে সাধারণত মোটরসাইকেল ব্যবহার করছে। ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় বিধায় মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দলকে আরো বেশি প্রযুক্তিগত সহায়তা, গোয়েন্দা তথ্য ও প্রতি মুহূর্তে সজাগ থাকতে হবে। রাজনৈতিক আশ্রয়ে বা নেপথ্য থেকে যারা নাশকতায় অর্থায়ন ও পরিকল্পনা করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং জনশৃঙ্খলায় আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত ও সাঁড়াশি অভিযানের বিকল্প নেই। এক্ষেত্রে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ও আপসহীন ভূমিকা পালন করতে হবে।
নাশকতা সৃষ্টির এমন অপকর্মকে সরকার এবং নিরাপত্তা বাহিনী হালকাভাবে না নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে— এমনটাই আশা নাগরিকদের।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








