
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত কূটনৈতিক যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ পরামর্শক কমিশন গঠনে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
বুধবার (১৮ নভেম্বর) কলম্বোয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথের দ্বিপক্ষীয় বৈঠকের পর এ সমঝোতা স্মারক সই হয়।
কমিশন গঠনের লক্ষ্যে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে দুই মন্ত্রী এতে স্বাক্ষর করেন।
এর মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরি হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ কমিশনের আওতায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করা হবে। এসব বৈঠকে বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা এবং দুই দেশের সম্পর্ক আরো জোরদারের সুযোগ খতিয়ে দেখার মঞ্চ তৈরি হবে।
শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষ নিজ নিজ দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করে।
এসব চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশের নেয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও তারা মতবিনিময় করেন।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ে সন্তোষ প্রকাশ করেন দুই মন্ত্রী।
পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে এসব সফরের গুরুত্বও স্বীকার করেন তারা।
দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা এবং অভিন্ন উদ্বেগের আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয় নিয়ে মতবিনিময়ের জন্য উচ্চপর্যায়ে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন দুই মন্ত্রী। ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








