অনূঢ়া কুমারা দিশানায়েক, বাংলাদেশ সফর ২০২৭, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, তারেক রহমান, হুমায়ুন কবির, বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক, ঢাকা সফর, প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েক। সংগৃহীত

২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক।

Advertisement

বুধবার কলম্বোতে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েক সানন্দে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। একইসাথে বাংলাদেশের নেতৃত্বের সাথে সাক্ষাৎ করতে ২০২৭ সালের শুরুর দিকে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কাছে শুভেচ্ছা পৌঁছে দেন।

এ সময় হুমায়ুন কবির বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা স্মরণ করেন। দুই দেশের সম্পর্ক জোরদারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরো গভীর করতে এবং পূর্বসূরিদের রেখে যাওয়া ধারাকে এগিয়ে নিতে অত্যন্ত আগ্রহী।’

সাক্ষাতে হুমায়ুন কবির দারিদ্র্য বিমোচনে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের নেয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন।

এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী উন্নয়ন মডেলের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা।

এছাড়া বাংলাদেশের সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মারস কার্ড’ কর্মসূচির বিষয়েও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির। একইসাথে বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক আরো এগিয়ে নেয়ার বিষয়ে নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।