প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, যুক্তরাজ্য, এড মিলিব্যান্ড
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির । ইন্টারনেট

তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গিতে অসম্মানের কোনো ইঙ্গিত দেখেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

Advertisement

তিনি মনে করেন, বিষয়টি ইচ্ছাকৃতভাবে অসম্মান প্রদর্শনের ঘটনা নয়; বরং বসার জায়গার কিছুটা অস্বস্তিকর ব্যবস্থার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‘এড মিলিব্যান্ডকে আমি ব্যক্তিগতভাবে চিনি। গত দুই সপ্তাহে তার সাথে দু’বার দেখা হয়েছে- একবার কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে, আরেকবার তিনি আমাদের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে।’

বৈঠকগুলোকে আন্তরিকতাপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এড মিলিব্যান্ড প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত আন্তরিকতা ও শ্রদ্ধা দেখিয়েছেন। একই সাথে তাকে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক দেশের নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, এড মিলিব্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও এ দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার ভাষ্য, রূপান্তরমূলক নেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।

বৈঠকে এড মিলিব্যান্ডের বসার ভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়ে তিনি বলেন, মিলিব্যান্ড দায়িত্বে তুলনামূলক নতুন। বসার ব্যবস্থার কারণে হয়তো তাকে কিছুটা অস্বস্তিকর অবস্থায় থাকতে হয়েছে।

তিনি আরো বলেন, ‘অসম্মানের ইঙ্গিত দেয়, এমন কিছু আমি দেখিনি। বরং আন্তরিকতাই দেখেছি।’

বিষয়টি নিয়ে আলোচনা বৈঠকের আরো অর্থবহ ও ইতিবাচক দিকগুলো থেকে মানুষের মনোযোগ সরিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় ঐতিহাসিক একটি ঘটনার তুলনা টেনে তিনি স্মরণ করেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোও শেখ মুজিবুর রহমানের সামনে পা তুলে বসেছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে জলবায়ু কার্যক্রম, মানবিক সঙ্কট মোকাবিলা, অভিবাসন ও অর্থনৈতিক অংশীদারত্বের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরো জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়া হয়।

প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের আরো জোরালো কূটনৈতিক সমর্থন চান।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এড মিলিব্যান্ড গত ২০ জুলাই যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

এর আগে, তিনি ২০২৪ সালের ৫ জুলাই থেকে ২০২৬ সালের ২০ জুলাই পর্যন্ত জ্বালানি নিরাপত্তা ও নেট জিরোবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কপ-৩১ উপলক্ষে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের ফলাফল তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিমও উপস্থিত ছিলেন।