
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ অভিঘাত মোকাবেলায় কার্যকর পদক্ষেপ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায়সঙ্গত অর্থায়নের দাবিতে তুরস্কের আন্তালিয়ায় পদযাত্রা করেছেন বিভিন্ন দেশের হাজারো জলবায়ুকর্মী। জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর আলোচনার মধ্যেই শনিবার বিকেলে সম্মেলনস্থলের বাইরে এ কর্মসূচি পালন করা হয়। এতে তরুণ, পরিবেশকর্মী, শ্রমিক, আদিবাসী প্রতিনিধি, কৃষক ও বিভিন্ন নাগরিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
আয়োজকদের কর্মসূচি অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টায় আন্তালিয়ার আইদিন কানজা পার্ক থেকে পদযাত্রা শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি রিপাবলিক স্কয়ারের দিকে এগিয়ে যায়। আয়োজকদের দাবি, এতে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেন।
পদযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল নানা স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড। এসব স্লোগানে জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসা, নতুন তেল-গ্যাস ও কয়লাভিত্তিক প্রকল্প বন্ধ, নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায়সঙ্গত উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার দাবি জানানো হয়।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, প্রতিবছর জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো ও বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে নানা প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমছে না। বরং নতুন তেল-গ্যাস প্রকল্প এবং জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ অব্যাহত রয়েছে। এর ফলে জলবায়ু সঙ্কটের জন্য তুলনামূলকভাবে কম দায়ী দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোকে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
তাদের বক্তব্য, জলবায়ু সঙ্কট শুধু পরিবেশগত সমস্যা নয়; এটি অর্থনৈতিক বৈষম্য, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্ন। শিল্পোন্নত দেশগুলোর দীর্ঘদিনের কার্বন নিঃসরণের কারণে বৈশ্বিক উষ্ণায়ন বাড়লেও এর সবচেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করছে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলো। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে এসব দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও খাদ্যনিরাপত্তা ক্রমেই হুমকির মুখে পড়ছে।
পদযাত্রায় জলবায়ু অর্থায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। আন্দোলনকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে উন্নয়নশীল দেশগুলোর যে বিপুল অর্থের প্রয়োজন, তা ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দিতে হবে। কারণ জলবায়ু সঙ্কটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলো নতুন ঋণের বোঝা বহন করার অবস্থায় নেই। একইসাথে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অপূরণীয় ক্ষয়ক্ষতির জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তারা।
কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে জলবায়ু ন্যায়বিচার, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার এবং জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবী গড়ার দাবি তুলে ধরা হয়।
তরুণ কর্মীরা বলেন, জলবায়ু সঙ্কট মোকাবেলায় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণ ও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিতে হবে। শুধু প্রতিশ্রুতি দিয়ে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়; প্রয়োজন সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ।
জ্বালানি রূপান্তরের পাশাপাশি খাদ্য সার্বভৌমত্ব, আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর ভূমির অধিকার এবং কৃষকদের স্বার্থ রক্ষার দাবিও ওঠে পদযাত্রায়। অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি উৎপাদন, খাদ্য সরবরাহ ও গ্রামীণ মানুষের জীবিকা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। তাই জলবায়ু নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কৃষক, আদিবাসী এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষিত করতে হবে। নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের নামে যেন নতুন করে ভূমি দখল, পরিবেশ বিপর্যয় কিংবা স্থানীয় জনগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ন না হয়, সেদিকেও নজর দেয়ার আহ্বান জানান তারা।
কপ-৩১ সম্মেলনে দেশগুলোর প্রতিনিধিরা যখন জলবায়ু অর্থায়ন, অভিযোজন, জ্বালানি রূপান্তর ও নিঃসরণ কমানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন, তখন সম্মেলনস্থলের বাইরে এ পদযাত্রার মধ্য দিয়ে নাগরিক সমাজ তাদের দাবি ও উদ্বেগ তুলে ধরে। আন্দোলনকারীদের বক্তব্য, জলবায়ু সম্মেলনের সাফল্য শুধু নতুন ঘোষণা বা প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, পর্যাপ্ত অনুদান নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃশ্যমান অগ্রগতি থাকতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








