যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড, প্রধানমন্ত্রী তারেক রহমান
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক। প্রধানমন্ত্রীর কার্যালয়

তুরস্কের আন্তালিয়ায় জাতিসঙ্ঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

Advertisement

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরো সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। তিনি এ সঙ্কটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ফলে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগের ওপরও প্রভাব ফেলতে পারে, আঞ্চলিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে 

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় জলবায়ু সহযোগিতা, মানবিক সঙ্কট মোকাবেলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরো এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়।