সালাহউদ্দিন আহমদ, রোহিঙ্গা, মিয়ানমার
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পার্লামেন্টের এপিপিজি অন রোহিঙ্গা প্রতিনিধিদলের সাক্ষাৎ। নয়া দিগন্ত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গার প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

Advertisement

বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

ব্রিটিশ এমপি ইমরান হুসাইন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—কাউন্সিলর হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ এবং হেড অব ফান্ডরেইজিং অর্ফানস ইন নিড আলতাফ হুসাইন।

বৈঠকে রোহিঙ্গা সঙ্কট নিরসন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সসম্মানে নিজ দেশে প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজি) চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার নাগরিকদের তাদের নিজ ভূমিতে নাগরিক অধিকার ও মর্যাদার সাথে ফিরিয়ে দেয়ার মাধ্যমেই এই দীর্ঘস্থায়ী সঙ্কটের অবসান ঘটাতে হবে। তিনি সঙ্কট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
 
যুক্তরাজ্যের প্রতিনিধি দলের পক্ষ থেকেও রোহিঙ্গা সঙ্কটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বৃদ্ধির পক্ষে জোরালো ভূমিকা পালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।