কেলি ই. কারি, জাতিসঙ্ঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গা শরণার্থী, রাখাইন রাজ্য, মিয়ানমারের সশস্ত্র সংঘাত, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প, জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদ
মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি। সংগৃহীত

মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে আট দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার কেলি ই. কারি। তিনি ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

Advertisement

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরে বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতি, মিয়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত, রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা এবং ভবিষ্যতে সেখানে সহযোগিতার সুযোগের ওপর গুরুত্ব দেবেন কেলি ই. কারি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কারি আনুষ্ঠানিকভাবে মিয়ানমার সফরের অনুমতি চেয়েছিলেন। তবে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার জানিয়েছে, তারা তার সফর আয়োজনের জন্য প্রস্তুত নয়।

বাংলাদেশ সফরকালে জাতিসঙ্ঘের এই বিশেষ প্রতিনিধি সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের সাথে বৈঠক করবেন।

তার সফরসূচিতে ঢাকায় বেশ কয়েকটি বৈঠকের পাশাপাশি কক্সবাজার ও সেখানকার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সফর শেষে আগামী ১৮ নভেম্বর তিনি এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

বিশেষ র‍্যাপোর্টিয়ার ২০২৭ সালের মার্চে জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদে তার পরবর্তী প্রতিবেদন উপস্থাপন করবেন।