কপ৩১
জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমাতে কপ৩১-এ নতুন অঙ্গীকার। নয়া দিগন্ত

জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা এবং জলবায়ু সঙ্কটের বহুমুখী অভিঘাত মোকাবিলায় বিশ্ব অর্থনীতিকে বিদ্যুতের যুগে নিয়ে যাওয়ার উদ্যোগ জোরদার হচ্ছে। এ লক্ষ্যে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে তুরস্কের কপ৩১ প্রেসিডেন্সি। তবে এই লক্ষ্য অর্জনে বিশ্বজুড়ে বিদ্যুতায়নের বর্তমান গতি চার গুণের বেশি বাড়াতে হবে বলে জানিয়েছেন সম্মেলনের আলোচনাপ্রক্রিয়ার সভাপতি ক্রিস বোয়েন। 

Advertisement

জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েলও বলেছেন, ‘বিদ্যুতায়ন ও পরিচ্ছন্ন জ্বালানির প্রসার পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যয় কমানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতির ঝুঁকি থেকে দেশগুলোকে সুরক্ষা দিতে পারে।’

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এতে কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম, আলোচনাপ্রক্রিয়ার সভাপতি ক্রিস বোয়েন এবং জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বক্তব্য দেন।

জ্বালানি সঙ্কট বিদ্যুতায়নের গুরুত্ব বাড়িয়েছে

সংবাদ সম্মেলনে সাইমন স্টিয়েল বলেন, ‘বিশ্ব এখন বহুমাত্রিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে লাখ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হচ্ছে এবং বিভিন্ন দেশের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হচ্ছে। একই সাথে জীবাশ্ম জ্বালানির দামের অস্থিরতা বৈশ্বিক অর্থনীতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে, বাড়িয়েছে মূল্যস্ফীতির চাপ।’

তিনি বলেন, ‘কোনো কপ সম্মেলন রাতারাতি এসব সংকটের সমাধান করতে পারবে না। তবে বাস্তবসম্মত সমাধান বাস্তবায়নের মাধ্যমে অগ্রগতি অর্জন সম্ভব। এ ক্ষেত্রে বিদ্যুতায়ন অন্যতম গুরুত্বপূর্ণ পথ।’

সাইমন স্টিয়েলের মতে, ‘পরিচ্ছন্ন জ্বালানিচালিত দক্ষ বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার করলে দূষণ কমার পাশাপাশি পরিবারগুলোর জ্বালানি ব্যয়ও কমবে। কারণ পরিচ্ছন্ন জ্বালানি এখন সাশ্রয়ী হয়ে উঠেছে। আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (আইরিনা) অনুযায়ী, বর্তমানে বিশ্বের বড় আকারের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের ৯০ শতাংশই জীবাশ্ম জ্বালানির বিকল্পের তুলনায় সস্তা।’

তিনি বলেন, ‘প্যারিস চুক্তি স্বাক্ষরের সময় এ ধরনের পরিস্থিতি কল্পনা করাও কঠিন ছিল। অথচ এক দশকের কিছু বেশি সময়ের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে ছাড়িয়ে গেছে।’

তবে এ পরিবর্তন সব দেশে সমানভাবে ঘটছে না। অনেক দেশের বিদ্যুতায়ন কার্যক্রম এগিয়ে নিতে আরো বেশি সহায়তা প্রয়োজন। তার মতে, বর্তমানে বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করেই বিশ্বের মোট জ্বালানি চাহিদার ৭৫ শতাংশ পর্যন্ত বিদ্যুতায়ন করা সম্ভব। এজন্য বিদ্যুতায়নের সমাধান দ্রুত সম্প্রসারণ এবং আরো বেশি মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে।

সাইমন স্টিয়েল জানান, প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি ডলারের সম্মিলিত রাজস্বের অধিকারী ১৮০টি কোম্পানি কপ সম্মেলনের প্রতি বিদ্যুতায়নের সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়েছে। কপ৩১ প্রেসিডেন্সির ২০৩৫ সালের মধ্যে ৩৫ শতাংশ বিদ্যুতায়নের লক্ষ্য এ উদ্যোগকে এগিয়ে নিতে পারে।

৩৩০ বিলিয়ন ডলারের বাড়তি জ্বালানি ব্যয়

বিদ্যুতায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে কপ৩১ সভাপতি মুরাত কুরুম বলেন, ‘আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা দেশগুলোকে মূল্যবৃদ্ধি ও সরবরাহ বিঘ্নের ঝুঁকিতে ফেলছে। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত জ্বালানি আমদানিকারক দেশগুলোকে অতিরিক্ত প্রায় ৩৩০ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে।’

তিনি বলেন, ‘বৈদ্যুতিক প্রযুক্তি ক্রমেই সাশ্রয়ী হয়ে ওঠায় জ্বালানি খাতের এই ঝুঁকি কমানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুৎ ব্যবহারের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার নেয়া হয়েছে। বর্তমানে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারের প্রায় ২৩ শতাংশ আসে বিদ্যুৎ থেকে।’

মুরাত কুরুম বলেন, ‘বিদ্যুতায়নের সাথে সামঞ্জস্য রেখে তুরস্কও নিজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। দেশটিকে জ্বালানিতে সম্পূর্ণ স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। কপ৩১ সম্মেলনে এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন দেশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে চায় তুরস্ক।’

তিনি আরো বলেন, ‘পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানো সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। রাজনৈতিক সদিচ্ছা ও বিনিয়োগকে একসাথে কাজে লাগিয়ে নির্ভরযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন পরিবহন এবং কম নিঃসরণকারী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে।’

বিদ্যুতায়নের গতি চার গুণের বেশি বাড়াতে হবে

কপ৩১-এর আলোচনাপ্রক্রিয়ার সভাপতি ক্রিস বোয়েন বলেন, ‘২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের ব্যবহার ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যকে অনেকে খুব বেশি মনে না করলেও বাস্তবে এটি অত্যন্ত উচ্চাভিলাষী। বর্তমানে বিশ্বে বিদ্যুতায়নের হার ২৩ শতাংশ। ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বৃদ্ধির সীমা ধরে রাখতে হলে এ হার ৩৫ শতাংশে উন্নীত করা জরুরি।’

তিনি বলেন, ‘২০০৫ সালে বৈশ্বিক বিদ্যুতায়নের হার ছিল ১৭ শতাংশ। ২০১৫ সালে তা বেড়ে ১৯ শতাংশ এবং বর্তমানে ২৩ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ এত দিন বিদ্যুতায়নের হার বছরে গড়ে মাত্র ০ দশমিক ৩ শতাংশ করে বেড়েছে। কিন্তু ২০৩৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনে এই গতি চার গুণেরও বেশি বাড়াতে হবে।’

ক্রিস বোয়েন বলেন, ‘জীবাশ্ম জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহের অনিশ্চয়তা বিশ্বজুড়ে পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয়ে চাপ সৃষ্টি করছে। একই সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসারের কারণে বিদ্যুৎ গ্রিডের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জের মধ্যে জলবায়ু সংকট আরো তীব্র হচ্ছে। বিভিন্ন দেশ এমন সব দুর্যোগের মুখোমুখি হচ্ছে, যার প্রভাব আগে তাদের কল্পনার বাইরে ছিল।

নেপালসহ বিভিন্ন দেশের জলবায়ুজনিত বিপর্যয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বহুপক্ষীয় সহযোগিতার বিকল্প নেই। দেশগুলোর সম্মিলিতভাবে কাজ করাই সঙ্কট মোকাবিলার একমাত্র কার্যকর পথ।

১.৫ ডিগ্রি লক্ষ্য থেকে সরে আসার সুযোগ নেই

সংবাদ সম্মেলনে মুরাত কুরুম বলেন, ‘শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে জলবায়ু ঝুঁকি ও খাদ্যসঙ্কট আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছে, এল নিনোর কারণে আরও প্রায় পাঁচ কোটি মানুষ তীব্র খাদ্যসঙ্কটে পড়তে পারে।

তিনি বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রমের ঝুঁকি ক্রমেই স্পষ্ট হচ্ছে। অল্প সময়ের জন্য এই সীমা অতিক্রম করলেও অপূরণীয় ক্ষয়ক্ষতি হতে পারে। তাই প্যারিস চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি লক্ষ্যমাত্রা থেকে সরে আসার সুযোগ নেই।

তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা, সম্ভাব্য সীমা অতিক্রমের মাত্রা ও সময়কাল কমানো এবং পুনরায় ওই সীমার নিচে ফিরে আসার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

মুরাত কুরুম বলেন, জলবায়ু অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলাকে জলবায়ু এজেন্ডার কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। সমুদ্র থেকে শহর পর্যন্ত জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিষয়ে কপ৩১-এ গুরুত্ব দেয়া হবে। এ ছাড়া দ্বিতীয় বৈশ্বিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ১ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রার সীমা অতিক্রমের ঝুঁকি ও এর বহুমাত্রিক প্রভাব পর্যালোচনা করা হবে।

বাস্তবায়নের সম্মেলন করতে চায় তুরস্ক

কপ৩১ সভাপতি জানান, কপ২১ থেকে কপ৩১ পর্যন্ত সম্মেলনের সাবেক সভাপতিরা কপ৩১-এর কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রার প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন। তার দাবি, কপ সম্মেলনের ইতিহাসে এটি প্রথম ঘটনা।

তিনি বলেন, তুরস্ক এমন একটি সম্মেলন আয়োজন করতে চায়, যেটি শুধু প্রতিশ্রুতি ও আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং বাস্তবায়নের মাধ্যমে ফলাফল অর্জন করবে। প্রতিটি দেশের অগ্রাধিকার, সক্ষমতা ও প্রাথমিক অবস্থান বিবেচনায় নিয়ে অর্থায়নসহ সব ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অন্যদিকে ক্রিস বোয়েন বলেন, কপ৩১ আয়োজন ও পরিচালনায় তুরস্ক ও অস্ট্রেলিয়া সমন্বিতভাবে কাজ করছে। দুই দেশের দল এখন একসঙ্গে কাজ করছে। এই অংশীদারত্ব এবং বহুপক্ষীয় সহযোগিতা কার্যকর করার মাধ্যমে জলবায়ু সঙ্কট মোকাবিলায় বিশ্বকে ইতিবাচক বার্তা দিতে চান তারা।

তিনি বলেন, ‘বিদ্যুতায়ন অঙ্গীকারে বিভিন্ন দেশকে যুক্ত করার পাশাপাশি কপ সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তে এ বিষয়টি কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।’

তিন বক্তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, কপ৩১-এর অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিদ্যুতায়ন ও পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ত্বরান্বিত করা। তবে এ লক্ষ্য বাস্তবায়নে অর্থায়ন, প্রযুক্তি সহায়তা এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোই হবে বড় চ্যালেঞ্জ।