সরকারি কর্মকর্তা, বাংলাদেশ
প্রশিক্ষণে যাওয়া সরকারি কর্মকর্তারা। নয়া দিগন্ত

বাংলাদেশ সিভিল সার্ভিসের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবসহ উচ্চপদস্থ ৩৪ জন কর্মকর্তা আজ রোববার পাকিস্তানের লাহোরে অবস্থিত ‘ন্যাশনাল স্কুল অফ পাবলিক পলিসি’তে (এনএসপিপি) দুই সপ্তাহব্যাপী এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশে পাকিস্তানের পথে রওনা হয়েছেন। 

Advertisement

প্রতিনিধিদলকে বিদায় জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

এর আগে, হাইকমিশনার এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাগত সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এই কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।’ 

তিনি জনপ্রশাসনের ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তান ও বাংলাদেশের নেতৃত্বের দূরদর্শী চিন্তা ও অঙ্গীকারের ওপর আলোকপাত করেন। 

এছাড়া, তিনি দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের কথা উল্লেখ করেন এবং শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল শাসনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার ওপর জোর দেন।

২০২৫ সালের আগস্ট মাসে ঢাকায় সফরকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দার কর্তৃক ঘোষিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোরের’ প্রসঙ্গ টেনে হাইকমিশনার জানান, ২০২৬ সালে ১৭০ জন বাংলাদেশী শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন এবং আরো ২০ জন শিক্ষার্থী শিগগিরই সেখানে যোগ দেবেন। 

তিনি আরো উল্লেখ করেন, চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশী জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের প্রথম ব্যাচের ১২ জন সদস্য সফলভাবে এই ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’ সম্পন্ন করেছেন। বর্তমান প্রতিনিধিদলটি এই উদ্যোগের দ্বিতীয় ব্যাচ, যা দুই দেশের ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রতিফলন।