
আগামী বছরের জানুয়ারিতে আবুধাবিতে অনুষ্ঠেয় দু’টি বড় আন্তর্জাতিক প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনীতে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুবাইয়ের ক্রাউন প্রিন্স, উপ-প্রধানমন্ত্রী এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ আমন্ত্রণ জানান।
আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলন (আইডিইএক্স ২০২৭)-এর ১৮তম আসর এবং নৌ প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী (এনএভিডিইএক্স ২০২৭)-এর অষ্টম আসরের জন্য এ আমন্ত্রণ জানানো হয়েছে।
দু’টি প্রদর্শনীই ২০২৭ সালের ২৫ থেকে ২৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির ‘আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্র’ (এডিএনইসি)-তে অনুষ্ঠিত হবে।
আইডিইক্স ও এনএভিডিইএক্স হলো বিশ্বমানের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্ল্যাটর্ফম, এখানে স্থল, নৌ ও বিমান প্রতিরক্ষা খাতের সর্বাধুনিক প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবনগুলো প্রদর্শন করা হয়।
এ প্রদর্শনীগুলোতে বিশ্বমানের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং প্রতিরক্ষা প্রযুক্তি ও নিরাপত্তা সমাধানে নিয়োজিত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো অংশ নিয়ে থাকে।
আমন্ত্রণে শেখ হামদান আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ অনুষ্ঠানগুলো সমৃদ্ধ করবে এবং সাফল্য অর্জনে বড় ভূমিকা রাখবে।
সংযুক্ত আরব আমিরাতের এই নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি তার সর্বোচ্চ সম্মান ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








