বাংলাদেশ, জাতিসঙ্ঘ
জাতিসঙ্ঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের সাথে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পিআইডি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থার মধ্যে আরো কার্যকর সমন্বয় এবং তাদের কর্মসূচিগুলো বাংলাদেশের সংস্কার ও উন্নয়নের জন্য প্রণীত পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর (২০২৬-২০৩১) সাথে আরো ঘনিষ্ঠভাবে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন। একইসাথে তিনি আরো জোরালো অংশীদারিত্বের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসঙ্ঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের সাথে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে তিনি বলেন, ‘বাংলাদেশ জাতিসঙ্ঘের সাথে দীর্ঘদিনের অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং অভিন্ন অগ্রাধিকার ও জাতীয় উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা আরো জোরদারে অঙ্গীকারবদ্ধ।’

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এগিয়ে নিতে ভূমিকা রাখায় জাতিসঙ্ঘ কান্ট্রি টিমের নেতৃত্ব দেয়া ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াকের ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে তিনি সম্প্রতি সমাপ্ত জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো তুলে ধরেন। এর মধ্যে জাতিসঙ্ঘ মহাসচিবের সাথে বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন।

জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থার মধ্যে আরো কার্যকর সমন্বয় এবং তাদের কর্মসূচিগুলো বাংলাদেশের সংস্কার ও উন্নয়নের কাঠামোর সাথে আরো ঘনিষ্ঠভাবে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোহিঙ্গা সঙ্কটের বিষয়ে হুমায়ুন কবির জাতিসঙ্ঘের মানবিক সহায়তার প্রশংসা করেন। একইসাথে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ ভূমিতে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে অব্যাহত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

তিনি স্পষ্ট করে বলেন, মিয়ানমারে সম্মানজনক প্রত্যাবাসনই এই সঙ্কট সমাধানের একমাত্র স্থায়ী পথ।

ফ্লোর-স্মেরেচনিয়াক বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং বাংলাদেশের সাথে অংশীদারিত্ব আরো গভীর করতে জাতিসঙ্ঘের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে জাতিসঙ্ঘ প্রতিনিধি ক্যারল ফ্লোর-স্মেরেচনিয়াক বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন এবং বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসঙ্ঘের কান্ট্রি টিম প্রস্তুত রয়েছে বলে জানান।

সূত্র : বাসস