
জাপানি পর্যটকদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যময় খাবারের স্বাদ নিতে দেশটি ভ্রমণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সাথে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে।
টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক পর্যটন সেমিনারে এ আহ্বান জানানো হয়। দূতাবাস ও ওয়ার্ল্ড এয়ার এশিয়া সার্ভিস কোম্পানি লিমিটেড যৌথভাবে ‘বাংলাদেশ ট্যুরিজম সেমিনার’ আয়োজন করে বলে এখানে পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেমিনারে জাপানের পর্যটন খাতের প্রায় ৮০ জন পেশাজীবী ও ভ্রমণপ্রেমী অংশ নেন।
সেমিনারে বক্তব্যকালে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: দাউদ আলী বলেন, জাপানি ভ্রমণপ্রেমীদের জন্য বাংলাদেশ বৈচিত্র্যময় ও স্বতন্ত্র অভিজ্ঞতার সুযোগ দিতে পারে। প্রচলিত অর্থনৈতিক খাতের পাশাপাশি পর্যটনেও বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে।
তিনি সুন্দরবন, কক্সবাজার, টাঙ্গুয়ার হাওর, পাহাড়পুর বৌদ্ধবিহার ও বাগেরহাটসহ বিভিন্ন পর্যটন আকর্ষণের কথা তুলে ধরেন। পাশাপাশি দেশের কারুশিল্প, বাউল সঙ্গীত ও রন্ধন ঐতিহ্যের কথাও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সরকার অবকাঠামোর উন্নয়ন, ভিসা আবেদন প্রক্রিয়া সহজীকরণ এবং দ্রুত ভিসা প্রদানের ব্যবস্থা করেছে।
জাপানি অংশগ্রহণকারীদের বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতায় দূতাবাস তাদের পাশে থাকবে।
দাউদ আলী বলেন, জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদার। পর্যটন খাত দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।
ওয়ার্ল্ড এয়ার এশিয়া সার্ভিস কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়োসুকে কিকুমা বলেন, দক্ষিণ এশিয়ায় জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।
পর্যটন সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








