পুলিশ
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকিরের সাথে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের সৌজন্য সাক্ষাৎ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকিরের সাথে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানানো হয়।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে রাশিয়ার রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত রুশ নাগরিকদের নিরাপত্তা ও ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আইজিপিকে ধন্যবাদ জানান।

আইজিপি পারস্পরিক সহযোগিতা ও বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতের আগ্রহকে স্বাগত জানান। তিনি দু’দেশের উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত মতবিনিময়, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি সাইবার নিরাপত্তা ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পুলিশ কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে রাশিয়ার সহযোগিতা কামনা করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস