রাজশাহী, বাসে আগুন, বিআরটিসি বাসে অগ্নিসংযোগ, রাজশাহী বিআরটিসি বাস টার্মিনাল, রেললাইনে আগুন, চারঘাট, চারঘাটে রেললাইনে অগ্নিসংযোগ, ট্রেন চলাচল বন্ধ, ঢাকা কমিউটার ট্রেন, ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল, শাহ মখদুম থানা, দুর্বৃত্ত, আওয়ামী লীগ
আগুনে ভস্মীভূত বিআরটিস বাস। নয়া দিগন্ত

রাজশাহীতে বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার চারঘাটে রেললাইনে আগুন ও লাল নিশান টাঙিয়ে দেয়ার ঘটনায় ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। এছাড়া নগরীর দুটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাঘায় পাঁচটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৮ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটের দিকে নগরীর শাহ মখদুম থানার আমচত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শাহ মখদুম থানার ওসি মো: আকবর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয়া হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে দুটি বাসই পুড়ে যায়। 

ওসি আকবর আলী জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

এর আগে, বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে জেলার চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। একই সাথে সেখানে লাল নিশান টাঙিয়ে দেয়া হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি আটকা পড়ে। পরে স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে লাল নিশান সরিয়ে দেয়া হয়। 

খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। রেললাইনে কোনো ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি না, তা পরীক্ষা করতে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম জানান, চারঘাটের নন্দনগাছী স্টেশনের পূর্বদিকে বাগমারী এলাকায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে রেললাইনে আগুন দেয়া হয়। রাত ১২টা ৫ মিনিটে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

স্থানীয় সূত্রের দাবি, রেললাইনে অগ্নিসংযোগ ও লাল নিশান টাঙানোর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্টতার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, রাত ১২টার দিকে নগরীর শিরোইল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কার্যালয় এবং কোর্ট এলাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ হতাহত হননি বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অন্যদিকে জেলার বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের সামনে পাঁচটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে।