আগুন, ট্রাক, বাস, দুর্বৃত্ত, পুলিশ, ফায়ার সার্ভিস, ট্রাকচালক, হতাহত, কাঁচপুর হাইওয়ে থানা
বাস ও ট্রাকে দুর্বৃত্তদের আগুন। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বাস ও খড় বোঝাই ট্রাকে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

Advertisement

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় ট্রাকে ও সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কাঁচপুর ব্রিজ এলাকায় বাসে এ ঘটনা ঘটে। 

আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে দিনাজপুর থেকে খড়বোঝাই ট্রাকটি মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছে খড় আনলোডের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়ায়। এ সময় চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে পড়েন। পরে ভোর সাড়ে ৫টার দিকে এক পথচারী চালককে জাগিয়ে তোলে চালককে জানান একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে গেছে।

এ সময় চালক ট্রাকটি রক্ষা করতে প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হন।

অপর দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের কাঁচপুরে তিশা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সাথে সাথে গাড়িতে থাকা যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ায় কোনো হতাহত হয়নি। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, ‘বাস ও খড় বোঝাই ট্রাকে আগুন দেয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরানো হচ্ছে। দুর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চলছে।’