হত্যা
মৃত মতিফুল বেগম। নয়া দিগন্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে মতিফুল বেগম (৫০) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের মাদকাসক্ত ছেলে আশরাফ আলীসহ (২০) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে। 

মৃত মতিফুল বেগম ওই গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী।

গ্রেফতার অন্য দু’জন হলেন একই গ্রামের ময়ান প্রামাণিকের ছেলে আব্দুর রাহিম (২২) এবং স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের গলায় থাকা স্বর্ণের ধান তাবিজ ও কানের দুলের লোভে আশরাফ আলী মাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, সহযোগী আব্দুর রাহিমকে নিয়ে মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন। পরে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করেন তারা।

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে এবং নিহতের ছেলে আশরাফ আলী, তার সহযোগী আব্দুর রাহিম ও স্বর্ণকার আব্দুল জলিলকে গ্রেফতার করে। এ সময় দুই লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারও উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নিহতের মাদকাসক্ত ছেলে ও তার এক সহযোগীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পুলিশ রাতেই লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।