
নারায়ণগঞ্জ ফতুলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইউসুফ আহমেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় মারা যান।
নিহতের মামা মো: ফারুক হোসেন জানান, আমার ভাগিনা পিকআপভ্যান চালক ছিল। রাতে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাকে গতিরোধ করে তার কাছে থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তার সাথে কথা কাটাকাটি হয়। পরে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে তার কাছে থাকা ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে আমার ভাগিনাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যায়।
নিহত ইউসুফ আহমেদ চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার মোহাম্মদ মফিজুল ইসলামের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ইউসুফের স্ত্রী নাহিদা ছয় মাসের অন্তঃসত্ত্বা।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








