
রংপুর মহানগরীর পর্যটন মোটেলের সামনে জুলাই যোদ্ধার মালিকানাধীন ক্যাডেট কোচিং সেন্টারের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে বাসটিতে আগুন দেয়া হয়।
বাসটি লুমিনাস ক্যাডেট কোচিংয়ের মালিকানাধীন। দূরবর্তী শিক্ষার্থীদের ওই বাসেই প্রতিদিন আনা-নেয়া করতো কর্তৃপক্ষ।
কোচিং সেন্টারটির পরিচালক নাহিদ ইকবাল মাসুম বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আামার কাছে কাছে খবর আসে পর্যটন মোটেলের বিপরীতে সিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশনের সামনে পার্কিংয়ে থাকা শিক্ষার্থী পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এর মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে যায়।’
তিনি আরো বলেন, ‘বাসটি পুড়ে যাওয়ায় পুরো কোচিং সেন্টারটি এখন বাধার মুখে পড়ল। বহু দূর থেকে শিক্ষার্থীদের ওই পরিবহনে আনা-নেয়া করা হতো। প্রতিদিন শিক্ষার্থী পরিবহনের পর ওই স্থানটি ফাঁকা থাকায় আমরা গাড়িটি পার্কিং করে রাখছিলাম। প্রতিদিনই পার্কিং করার পর সেখান থেকে ব্যাটারি খুলে কোচিং সেন্টারের অফিসে নিয়ে এসে রাখা হতো।’
পরিচালক বলেন, ‘আমি জুলাই আন্দোলনের পুরো দেড় মাস রাজপথে সক্রিয় ছিলাম। আমার কোনো শত্রু ছিল না। সব দলমতের অভিভাবকের সন্তানরা আমার কোচিংয়ে পড়াশোনা করে। প্রশাসনের কাছে আমি দাবি জানাই, যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের আইনগত ব্যবস্থা নিতে হবে।’
ঘটনাস্থলের পাশে সিদ্দিকিয়া বিশ্ব মুসলিম উম্মাহ মিশনের শিক্ষার্থী মোহাম্মদ ওয়ালীউল্লা বলেন, ‘রাত সাড়ে ৩টার পরে বিকট শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। বের হয়ে দেখি আমাদের মাদরাসার সামনে বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। সাথে সাথে বিষয়টি আমি আমার মাদরাসার প্রধানকে জানাই। পরে আশেপাশের সবাই ছুটে আসেন। টাটা কোম্পানির নাইট গার্ড ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে আগুন নেভায়। ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়।’
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মঞ্জিল মাহমুদ বলেন, ‘আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছাই। ততক্ষণে বাসটির সবকিছু পুড়ে গেছে। আমরা পুলিশের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলি। প্রাথমিক তদন্ত চলছে। কে বা কারা সেখানে আগুন লাগিয়ে দিয়েছে সেটিও তদন্ত করা হচ্ছে।’
রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের দুর্বৃত্তরা আতঙ্ক তৈরির জন্য এই আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।’
প্রয়োজনীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








