
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার ও একাধিক মামলার আসামি মো: সিরাজসহ চারজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
সোমবার এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান। এর আগে, রোববার (১৫ নভেম্বর) রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো: সিরাজ (২৬), মো: মোক্তার হোসেন (৩৫), মো: আনোয়ার হোসেন (৩৬) ও মো: সাগর মিয়া (৩৯)।
এম মুবীন রহমান তাপস বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে সিরাজকে গ্রেফতার করা হয়। এছাড়া মা ও শিশু হাসপাতাল, শহীদ সলিমুল্লাহ রোডের মোহাম্মদপুর কবরস্থান এবং শিয়া মসজিদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোক্তার, আনোয়ার ও সাগরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তথ্যানুসন্ধানে এসআরবি-২ জানতে পেরেছে, গ্রেফতার ব্যক্তিরা মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন। দীর্ঘদিন ধরে তারা চুরি, ছিনতাই, মাদককারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতার সিরাজের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ছিনতাইয়ের চেষ্টা, মিরপুর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি এবং মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, দাঙ্গা, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে মোক্তার হোসেনের বিরুদ্ধে মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর, তেজগাঁও শিল্পাঞ্চল, লালবাগ, চকবাজার ও শাহবাগ থানায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, হত্যাচেষ্টা, মাদক, চুরি ও ছিনতাইয়ের চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
এছাড়া আনোয়ার হোসেনের বিরুদ্ধে তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছিনতাইয়ের চেষ্টা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। সাগর মিয়ার বিরুদ্ধে চকবাজার, শাহবাগ ও লালবাগ থানায় মাদক, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








