সানজিদা আক্তার ইমা, তরুণীর মৃত্যু, আমিনুর রহমান, হত্যা মামলা, ঢাকা মেডিক্যাল মর্গ
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)। সংগৃহীত

রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সোমবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এর আগে, রোববার (৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইমা পাবনা জেলার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের এবিএম শফিকুল ইসলামের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে রাজধানীর উত্তরখানের হেলাল মার্কেট মেরাদিয়া রোড সংলগ্ন সোনালী পাবনা ভবনের নবম তলার ৯/এফ নম্বর ফ্লোরে ভাড়া থাকতেন।

উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নিসার আলী তিতুমীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইমার স্বামী আমিনুর রহমান গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

নিহতের চাচা মো: সাইফুল ইসলাম জানান, ১১ মাস আগে ইমার সাথে আমিনুরের বিয়ে হয়। তারা দু’জনই পড়াশোনা করতেন। বিয়ের আগে দু’জনই পাবনা এডওয়ার্ড কলেজে পড়তেন। সেখান থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং পরে বিয়ে হয়। পরিবারের সম্মতি ছাড়াই তারা বিয়ে করেন। সাত থেকে আট মাস আগে ভালো কিছুর আশায় তারা ঢাকায় আসেন। তাদের বিদেশে যাওয়ার পরিকল্পনাও ছিল।

তিনি আরো জানান, এই ঘটনার পর আমরা ইমার স্বামীর বিরুদ্ধে মামলা করেছি।

ইমার বাবা এবিএম শফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কি সর্বনাশ করলো বাবা, আমার কি সর্বনাশ হলো। পরিবারের অমতে আমার মেয়ে বিয়ে করে। আমরা রাজি ছিলাম না। শুধুমাত্র মেয়ের সুখের কথা চিন্তা করে বিয়ে দিছিলাম। আমার মেয়ে সুখে থাকবে বলে আমি মেয়ের সংসারে টাকা পাঠাতাম। আর আমার মাইয়াডারে মাইরা ফালাইলো।’