বিচারক মঞ্জুরুল বাছিদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২, ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, বিচারকের বাসায় হামলা, ককটেল নিক্ষেপ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার
ট্রাইব্যুনাল বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ। সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের ধানমন্ডির বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানানো হয়নি।

Advertisement

শুক্রবার জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। তখন বিচারক নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার বাসার সামনে ককটেল নিক্ষেপ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে ধানমন্ডিতে দুর্বৃত্তরা একাধিক ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। বাকিগুলো অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, ‘আটক চারজনের কাছ থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।’

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতির বাসায় চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। আমরা অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করি এবং পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় আমরা চারজনকে আটক করেছি।’