আনসার, রিকশা, ছিনতাই, উদ্ধার
চেতনানাশক পান করিয়ে রিকশা ছিনতাইয়ের চেষ্টা, আনসারদের তৎপরতায় উদ্ধার। নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের বি-গেটের সামনে চেতনানাশক মিশ্রিত জুস পান করিয়ে এক রিকশাচালককে অচেতন করে তার রিকশা ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক ও বিচক্ষণ পদক্ষেপে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয় এবং রিকশাটি উদ্ধার করা সম্ভব হয়। তবে আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

Advertisement

সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রিকশাচালক মো: ফারুক হোসেনকে চেতনানাশক মিশ্রিত জুস পান করিয়ে অচেতন করার পর তার রিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি। এ সময় স্টেশনের বি-গেটের সামনে টহল ডিউটিতে নিয়োজিত আনসার সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। তাদের তাৎক্ষণিক হস্তক্ষেপে রিকশা ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ হয় এবং রিকশাটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে অচেতন অবস্থায় থাকা রিকশাচালককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলে তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এ ঘটনায় উদ্ধার করা রিকশা, নগদ ১ হাজার ২০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন এমআরটি পুলিশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়। ভুক্তভোগী মো: ফারুক হোসেনের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামে।

ঘটনার সময় দায়িত্বে নিয়োজিত ছিলেন এপিসি মো: মতিন বিশ্বাস, আনসার মো: জাহিদুল ইসলাম, আনসার মো: হাফিজুর রহমান, আনসার মো: মাসুম হোসেন এবং আনসার মো: রবিউল ইসলাম। তাদের দ্রুত পদক্ষেপ, সতর্কতা ও দায়িত্বশীলতার ফলে রিকশাটি উদ্ধার এবং বিপদগ্রস্ত রিকশাচালককে প্রয়োজনীয় সহায়তা প্রদান সম্ভব হয়।

জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে কর্তব্যরত আনসার সদস্যদের এই তাৎক্ষণিক উদ্যোগ জননিরাপত্তা রক্ষায় তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।