
রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় একটি জমিতে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সভাপতি এম সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ অক্টোবর (শনিবার) ভোর সাড়ে ৫টায় গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিশেষ আইন প্রয়োগকারী সংস্থা (এসআরবি)। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় হস্তান্তর করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ভুক্তভোগী ও মামলার বাদি শামীমা আক্তার ডালিয়া জানান, ব্যাংকের লোন (ঋণ) পরিশোধ করার উদ্দেশ্যে দক্ষিণখান থানার সামনে অবস্থিত তাদের নিজস্ব একটি জমি বিক্রির উদ্যোগ নেয়া হয়। এরই অংশ হিসেবে জমিটিতে একটি বিক্রয় বিজ্ঞপ্তি সংবলিত সাইনবোর্ড স্থাপন করেন মালিকপক্ষ।
অভিযোগ রয়েছে, সাইনবোর্ড লাগানোর পরপরই মোকলেছুর রহমান এবং এম সাজ্জাদ হোসেন জমির মালিকের কাছে গিয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে জমি বিক্রি করতে দেয়া হবে না এবং প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়। এই ঘটনায় শামীমা আক্তার ডালিয়া ১৯ অক্টোবর দক্ষিণখান থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩০।
মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সভাপতি এম সাজ্জাদ হোসেনকে ২ নম্বর আসামি করে ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা-৭০/৮০ জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন, মোকলেছুর রহমান, আল আমিন হোসেন শান্ত, চাপাতি সুমন, রনি, পিচ্চি পলাশ, রায়হান, নাজমুল হাসান শুভ, দুধ শামিম, সিফাত, রায়হান, পাপাই, আহাদ, রকি, সামির, তুষার, তুহিন, নাঈম, পরভেজ, দিপু, নাহিদ, সজিব, সুমন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফইমউদ্দিন জানান, সুনির্দিষ্ট চাঁদাবাজির মামলার প্রেক্ষিতে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








