
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের টিনের ছাপরা ঘর থেকে আলমগীর হোসেন (৫২) নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা গ্রামের মরহুম কলিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ৮/এ রোডের এম ব্লকের ৩৯৬৮/৩৯৬৯ নম্বর প্লটের একটি নির্মাণাধীন ভবনের টিনের ছাপরা ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, আলমগীর ওই নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন। গত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গলা চেপে ও শরীরে আঘাত করে হত্যা করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। তার গলায় আঙুলের ছাপ এবং ডান পায়ের হাঁটুর নিচে ও চিবুকের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। এসব আলামত থেকে তাকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








