
রাজধানীর হাজারীবাগের বারইখালী এলাকায় সিকদার মেডিক্যাল কলেজের পাশে অবস্থিত এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি গুদামে অতর্কিত হামলা ও ভাঙচুর করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় একদল সশস্ত্র দুর্বৃত্ত এ তাণ্ডব চালায়।
হামলাকারীরা পুরো ভবনে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও ল্যাপটপ লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুখে মাস্ক এবং মাথায় হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত হঠাৎ কুরিয়ার সার্ভিসের গুদামে প্রবেশ করে। তারা ঢুকেই চারদিকে তাণ্ডব শুরু করে এবং আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে। কুরিয়ারের কার্যালয়ে থাকা ল্যাপটপ ও সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে সাথে করে নিয়ে যায় দুর্বৃত্তরা। হামলার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীরা দিগ্বিদিক ছুটতে থাকেন।
হাজারীবাগ থানা পুলিশ জানায়, হামলাকারীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তারা কুরিয়ারের ভেতরে হামলার আগে আশপাশের এলাকার অন্যান্য সিসিটিভি ক্যামেরাগুলোও বন্ধ বা অকার্যকর করে দিয়েছিল, যাতে তাদের সহজে শনাক্ত করা না যায়।
ঘটনার খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাজারীবাগ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনার পর থেকে বারইখালী ও সিকদার মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি ও ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি মোশারফ হোসেন বলেন, স্বশস্ত্র সন্ত্রাসীরা হঠাৎ কোরিয়ায় সার্ভিসের ভেতর গুদামে ভাংচুর ও লুটপাট চালায়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ সংবাদে পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








